সংস্কারে এগিয়ে আসতে হবে ব্র্যান্ড ও ক্রেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করার পর প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার ঢাকা অ্যাপারেল সামিট উদ্বোধন করার পর প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন l ছবি: বাসস

তৈরি পোশাক কারখানার সংস্কারকাজে মালিকদের সহযোগিতা দিতে বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিতীয় ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘গার্মেন্টস কারখানাগুলোর সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। এ ব্যাপারে বিভিন্ন ব্র্যান্ড ও ক্রেতারা সহায়তা করতে পারেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে আমাদের পণ্যসামগ্রীর চাহিদা কীভাবে বাড়ানো যায়, সে ব্যাপারে আমাদের কাজ করতে হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ জন্য আপনাদের সহযোগিতা চাই।’
২০১৪ সালের প্রথম অ্যাপারেল সামিটের সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) দিনভর এই সম্মেলন আয়োজন করে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টুগেদার আ বেটার টুমরো।’
প্রধানমন্ত্রী বলেন, পোশাকশিল্পকে নিরাপদ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের আওতায় ইতিমধ্যে ৩ হাজার ৮৬৯টি কারখানা পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, এগুলোর মধ্যে মাত্র ৩৯টি কারখানায় ত্রুটি পাওয়া গেছে এবং সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি কারখানাগুলোতে নিরাপত্তা উন্নয়নে সংস্কার কার্যক্রম চলছে।
শেখ হাসিনা বলেন, ‘বিজিএমইএ, সরকার, দেশীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো এবং উন্নয়ন-সহযোগীরা মিলে একটি নিরাপদ ও টেকসই শিল্প গড়ার পথে এগিয়ে যাচ্ছি।’
পুরোনো বাজারের ওপর নির্ভরশীল না থেকে শিল্প উদ্যোক্তাদের নতুন নতুন বাজার খুঁজে বের করে রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি আয় বৃদ্ধি করতে হলে পণ্যের বৈচিত্র্য এবং পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রপ্তানি মূলত উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপের কয়েকটি দেশনির্ভর। রপ্তানির ক্ষেত্রে এমন পরিস্থিতি ভালো না। আমাদের রপ্তানিযোগ্য পণ্যের তালিকা বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি আমাদের নতুন নতুন দেশে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। এ ব্যাপারে আমি রপ্তানিকারকদের আরও মনোযোগী হওয়ার অনুরোধ জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আপনারা এগিয়ে আসুন, সরকার সব ধরনের সহায়তা দেবে।’
শেখ হাসিনা বলেন, পোশাকশিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশই আসে এই খাত থেকে। প্রত্যক্ষভাবে প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ খাতে। যার মধ্যে প্রায় ৮০ শতাংশই নারী। পরোক্ষভাবে চার কোটিরও বেশি মানুষ এ শিল্পের ওপর নির্ভরশীল।
প্রধানমন্ত্রী বলেন, পোশাকশিল্পের উদ্যোক্তারা যাতে ২ শতাংশ সুদে ঋণ নিয়ে শ্রমিকদের জন্য নিজস্ব জমিতে ডরমিটরি স্থাপন করতে পারেন, সে ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। সারা দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ চলছে। ঢাকায় ও চট্টগ্রামে দুটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিজিএমইএকে দেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী মুজিবুল হক এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সিনিয়র সহসভাপতি মাইনুদ্দিন আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের অগ্রগতি নিয়ে একটি ভিডিওচিত্র দেখানো হয়।