সংস্কারে লাগবে চার মাস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের সড়কগুলো পুরোপুরি সংস্কার করতে অন্তত চার মাস সময় লাগবে। ব্যবহারের উপযোগী করতে সড়কে সৃষ্ট হওয়া খানাখন্দ আপাতত ভরাট করে দিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের ক্ষতিগ্রস্ত সড়কের তালিকা ও ক্ষয়ক্ষতি নির্ধারণ করেছে। সাম্প্রতিক জলাবদ্ধতায় করপোরেশনের ১০০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। এসব সড়ক সংস্কার করতে প্রায় আড়াই শ কোটি টাকার প্রয়োজন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কিছু সড়ক তাৎক্ষণিকভাবে মেরামত করা হলেও অধিকাংশের ক্ষেত্রে কার্পেটিংয়ের বিকল্প নেই। এসব সড়ক সংস্কারের জন্য দরপত্র-প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে তিন থেকে চার মাস সময় লাগবে।’
গত ২০ থেকে ২২ জুন পর্যন্ত টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।
করপোরেশনের প্রকৌশল বিভাগের তথ্য অনুযায়ী ও সরেজমিনে দেখা গেছে, সাম্প্রতিক টানা বৃষ্টিতে নগরের বিমানবন্দর সড়ক, বাকলিয়ার কে বি আমান আলী সড়ক, স্টেশন রোড, কাপাসগোলা, কাতালগঞ্জ, মেহেদীবাগ সড়ক, সার্সন রোড, ঝাউতলা সড়ক, সিডিএ অ্যাভিনিউ সড়ক, আশরাফ আলী সড়ক, সিরাজউদ্দৌল্লা সড়ক, বৌদ্ধমন্দির সড়ক, আরাকান সড়ক, ফজলুল কাদের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া নগরের বিভিন্ন অলিগলি ও আবাসিক এলাকাগুলোর সড়কেও খানাখন্দ সৃষ্টি হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আলী আহমেদ বলেন, ‘তাৎক্ষণিক ও স্থায়ী পদ্ধতিতে নগরের ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামত করা হবে। আপাতত সংস্কার করতে ৫০ কোটি টাকা এবং কার্পেটিংয়ের মাধ্যমে মেরামতের জন্য ২০০ কোটি টাকা লাগবে। করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এই অর্থ খরচ করা হবে।’
আলী আহমেদ জানান, নগরের রাস্তাগুলো মেরামত করা হচ্ছে। তবে বৃষ্টির জন্য এই সংস্কারকাজ পুরোদমে করা সম্ভব হচ্ছে না।
সিটি করপোরেশন নগরের ৪১টি ওয়ার্ডকে পাঁচটি প্রকৌশল বিভাগে বিভক্ত করে উন্নয়ন কর্মকাণ্ড চালায়। করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এবারের বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করপোরেশনের ১ নম্বর প্রকৌশল বিভাগ। এই বিভাগে ক্ষতিগ্রস্ত সড়কের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৫ কোটি টাকা। এরপর ৪ নম্বর বিভাগে ৩৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া ২ ও ৩ নম্বর বিভাগে ক্ষতি হয়েছে যথাক্রমে সাত কোটি ও পাঁচ কোটি টাকা। আর ৫ নম্বর বিভাগে ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকার।
করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলৗ আনোয়ার হোছাইন বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি।’