
রংপুর শহরের শাপলা-বাস টার্মিনাল সড়কের দুরবস্থা ঘুচছে না। চার বছরে দুবার সংস্কার করা হলেও সড়কের একাধিক স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। গাড়ি চলে হেলেদুলে। সড়ক সংস্কার না হওয়ায় শহরবাসী ক্ষুব্ধ।
রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল ও কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডসহ শহরের ১০টি পাড়া-মহল্লায় যাওয়ার প্রধান সড়ক হলো এটি। ২০১২ সালের নভেম্বরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শাপলা মোড় পর্যন্ত দেড় কিলোমিটার এ সড়ক ২০ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। এরপর সংস্কার করা হয় গত বছরের ডিসেম্বরে।
শহরবাসীর অভিযোগ, ২০১২ সালে সড়কটি সংস্কারের ছয় মাসের মধ্যে কার্পেটিং উঠে যেতে শুরু করে। অল্প দিনে বিধ্বস্ত হয়ে পড়ে সড়কটি। তখন নিম্নমানের কাজ নিয়ে বিভিন্ন পত্রিকায় অনেক লেখালেখিও হয়। এরপর গত ডিসেম্বরে সংস্কার করা হলেও তা টেকসই হয়নি। বৃষ্টিতে ভেঙে যায় সড়ক।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কটির প্রায় এক কিলোমিটারজুড়ে বিধ্বস্ত দশা। পাঁচটি স্থানে বড় খানাখন্দ। এই এলাকাগুলো হলো বাস টার্মিনাল থেকে ১০০ গজ দূরে, গণেশপুর ও মুলা টোল এলাকা। গণেশপুরের লোকজনের অভিযোগ, সংস্কারের পরপরই রাস্তা খারাপ হতে শুরু করে। ভালো করার উদ্যোগ নেই। স্থানীয় বাসিন্দা মোশফেকুর রহমান বলেন, ২০১২ সালে তড়িঘড়ি করে সংস্কার করায় কাজ একেবারে নিম্নমানের হয়েছে। তাই সংস্কারের পর আবারও সড়কটি ভেঙে যায়। ব্যাটারিচালিত অটোরিকশাচালক সদেকুল ইসলাম বলেন, এই সড়কে গাড়ি চালানো কষ্টকর। সড়কের পাশ দিয়ে হেলেদুলে চালাতে হয়। স্থানীয় মুদি দোকানি আফসার আলী বলেন, ‘আমরা এত দাবি জানাই কিন্তু রাস্তাটা আর ভালো হয় না।’
যোগাযোগ করলে স্থানীয় কাউন্সিলর বকুল বলেন, সড়কটি সংস্কার করতে না পারায় প্রতিদিনই মানুষের ক্ষোভের মুখোমুখি হতে হচ্ছে। চেষ্টা চলছে খানাখন্দ দূর করার।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরে সড়কটি সংস্কার করা হলেও পানিনিষ্কাশনের ব্যবস্থা উন্নত না হওয়ায় সড়কে পানি জমে গর্ত তৈরি হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে আবারও সংস্কার করা হবে। তবে এবার যাতে পানি না জমে এমন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।