সংস্কারের অভাব ও বৃষ্টিতে সড়কগুলোর করুণ দশা
বগুড়া পৌর এলাকার অধিকাংশ সড়ক যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে এবং দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের এ অবস্থা হয়েছে। এতে রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে গিয়ে শহরবাসী ভোগান্তি পোহাচ্ছে। বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে অর্থ না দেওয়ায় শহরের সড়কগুলোতে সংস্কারকাজ করা যাচ্ছে না। বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, তিন বছর আগে বগুড়া পৌরসভার আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার। বর্তমানে তা সম্প্রসারণ করে হয়েছে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার। মোট সড়ক ৬৪৯ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে কার্পেটিং, সিসি, আরসিসি, ইট বিছানো ও কাঁচা রাস্তাও আছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এ বর্ষায় শহরের অধিকাংশ সড়কের কার্পেটিং উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বর্ষা মৌসুমের আগেই সংস্কার না করায় শহরের বেশ কিছু মহল্লার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, শহরের পূর্ব অংশে চেলোপাড়া থেকে কৈপাড়া হয়ে দ্বিতীয় বাইপাস, আযিযুল হক কলেজ থেকে জহুরুল নগর, নুরানী মোড় থেকে ট্যানারি, গোহাইল, নিশিন্দারা মণ্ডলপাড়া এলজিইডি কার্যালয়ের পেছনে, ফুলবাড়ী, বৃন্দাবনপাড়া সড়কের অবস্থা খারাপ। শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, থানার মোড় বাদুরতলার মতো প্রধান সড়কের কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। শহরের ১২টি ওয়ার্ডে কার্পেটিং সড়ক থাকলেও বর্ধিত নয়টি ওয়ার্ডে কাঁচা রাস্তাই বেশি। এসব রাস্তার অবস্থা আরও করুণ। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদুর রহমান বলেন, রমজান মাসে টানা বৃষ্টিতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। খান্দার থেকে কৈগাড়ি সড়কের অবস্থাও খুব খারাপ। খান্দার এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, রাস্তা খারাপ হওয়ায় রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশায় যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ পৌর কর্তৃপক্ষ সড়কগুলো সংস্কারের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, শুধু বর্ষার কারণে সড়ক নষ্ট হয়ে আছে, তা নয়। এসব সড়কে অনেক দিন সংস্কারকাজ করা হয়নি। মন্ত্রণালয় থেকে কোনো টাকা ছাড় করা হচ্ছে না। পৌরসভার নিজস্ব তহবিলের টাকা দিয়ে সড়কের সংস্কারকাজ করা সম্ভব নয়।