সংস্কারের অভাবে ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ ভবন, খসে পড়ছে আস্তর, বৃষ্টির পানি চুইয়ে পড়ে ভিজে নষ্ট হচ্ছে কাগজপত্র। এমন বেহাল অবস্থায় চলছে উত্তরাঞ্চলের সর্বোচ্চ জামানতসমৃদ্ধ সৈয়দপুর উপজেলা ডাকঘরের কার্যক্রম। বছরে ৬০ কোটি টাকা জামানত সংগ্রহ করলেও সৈয়দপুরসহ এর অধীন ১৬টি ডাকঘরে লাগেনি উন্নয়নের ছোঁয়া। রয়েছে লোকবলসংকট।
সৈয়দপুর উপজেলা ডাকঘর সূত্র জানায়, উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি জামানত রয়েছে সৈয়দপুর ডাকঘরে। কেবল এর ডাকঘর সঞ্চয় ব্যাংকের গ্রাহকসংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এই ডাকঘরের অধীনে রয়েছে চারটি উপডাকঘর ও ১২টি শাখা ডাকঘর।
উপডাকঘরগুলো হচ্ছে বোসেস ল্যাবরেটরি, সৈয়দপুর রেলওয়ে কারখানা, ক্যান্টনমেন্ট ও নৈশ ডাকঘর। এগুলোর অবস্থান শহরেই। বাকি শাখা ডাকঘরগুলো আশপাশের গ্রামে অবস্থিত। এসব হচ্ছে সৈয়দপুরের গোলাহাট, কামারপুকুর; রংপুরের বদরগঞ্জ উপজেলার দিলালপুর ও লালদীঘি; নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ও বেড়াকুঠি ডাকঘর। আর বাকিগুলো হচ্ছে বুড়িপুকুর, লক্ষ্মণপুর, শ্বাসকান্দর, সোনাখুলী, হাজারীহাট ও ময়দানপুর। এসব ডাকঘর অবশ্য সৈয়দপুর উপজেলাতেই অবস্থিত।
ডাকঘর সূত্র জানায়, সৈয়দপুরের অধীন যে ডাকঘরগুলো রয়েছে, এর পাঁচটি নিজস্ব ভবনে অবস্থিত। বাকিগুলো ভাড়াবাড়িতে। শাখা ডাকঘরে কর্মরত আছেন একজন পোস্টমাস্টার, একজন বিলিকারী ও একজন ডাক বহনকারী।
গত বুধবার সৈয়দপুর শহরের শতবর্ষী বোসেস ল্যাবরেটরি উপডাকঘরে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম চলছে। পুরোনো ভবনের ছাদ চুইয়ে বৃষ্টি পড়ছে ভবনের অভ্যন্তরে। মাঝেমধ্যেই মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়। সৈয়দপুর উপজেলা ডাকঘরের অবস্থাও ভয়াবহ। ঝুঁকিপূর্ণ ভবন। ছাদের পলেস্তারা খসে পড়ছে এবং দেয়ালে দেখা দিয়েছে ফাটল।
উপজেলা ডাকঘরের পোস্টমাস্টার মো. শামসুজ্জোহা জানান, ডাকঘরটি কেবল রংপুর বিভাগে নয়, গোটা উত্তরাঞ্চলের মধ্যে সর্বোচ্চ রাজস্ব দিয়ে আসছে। এর জামানতও সর্বোচ্চ। সৈয়দপুরে মূলত রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লোকজন ডাকঘরের সঞ্চয় ব্যাংক ব্যবহার করছেন বেশি। ৫২ বছরের প্রাচীন ভবনটির সংস্কার জরুরি হয়ে পড়েছে। নয়তো যেকোনো সময় ভবন ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, সৈয়দপুর ডাকঘরে মঞ্জুরীকৃত পদের সংখ্যা ২৮, সেখানে মাত্র ১২ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম।
কামারপুকুর শাখা ডাকঘরের পোস্টমাস্টার হাবিবুর রহমান বলেন, দ্রব্যমূল্য বেড়েছে। সামান্য ভাতায় সংসার চলে না। শাখা ডাকঘরের কর্মচারীদের পদগুলো সরকারীকরণের দাবিতে আন্দোলন চলছে। একই কথা বললেন বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর ডাকঘরের পোস্টমাস্টার আকরাম হোসেন। তিনি আরও জানান, শাখা ডাকঘরগুলো মাত্র তিনজন কর্মী দিয়ে চলছে। জনবলসংকটে কাজে থাকে স্থবিরতা।
স্থানীয় সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী বলেন, ‘উত্তরাঞ্চলে সবচেয়ে বেশি লেনদেন হয় সৈয়দপুর উপজেলা ডাকঘর থেকে। আমরা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এটিকে জেলার প্রধান ডাকঘর হিসেবে মর্যাদা দিতে।’