সংস্কারের অভাবে নেত্রকোনার দুই সড়কে ভোগান্তি
পিচ ঢালাই উঠে গিয়ে নেত্রকোনার পৌর এলাকা ও নেত্রকোনা-মদন সড়কের অধিকাংশ স্থানেই গর্তের সৃষ্টি হয়েছে। কিছু স্থান ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কগুলোর এ করুণ অবস্থা হয়েছে। তাই এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ১৫ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পৌর এলাকায় জেলা জজের বাসভবনের সামনের সড়ক, সার্কিট হাউসের সামনের হাসপাতাল সড়ক, সাতপাই কলেজ সড়ক, ছোটবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়ক, বারহাট্টা রোড রাজুর বাজার, মালনি, মদনপুর ও বনুয়াপাড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কগুলোর অবস্থা শোচনীয়।
পৌর এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বৃষ্টি হলেই এসব সড়কের খানাখন্দে পানি জমে থাকে। খানাখন্দে পড়ে গাড়ি উল্টে গিয়ে মানুষ আহত হয়। এসব সড়ক দিয়ে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, নেত্রকোনা সরকারি কলেজসহ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী চলাচল করে। খানাখন্দ থাকায় এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে তারাও ভোগান্তিতে পড়ে। হাসপাতালে রোগী নিয়ে যেতে হয় ঝুঁকি নিয়ে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পৌর এলাকার বাসিন্দা কলেজছাত্র সোহেল আহমদ বলেন, ‘রাস্তা খারাপ থাকায় আমরা যথাসময়ে কলেজে যেতে পারি না।’
এদিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে মদন উপজেলার মদন বাজার পর্যন্ত ১৬ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া সড়কের বাকি অংশের বিভিন্ন স্থানে পিচ উঠে যাচ্ছে। সড়কটির বেহাল অবস্থার কথা তুলে ধরে গত বছরের অক্টোবরে সংবাদ প্রকাশিত হয়েছিল। এরপর সড়কের ৮০০ মিটার সংস্কার করা হয়েছিল। কিন্তু ওই অংশ আবার আগের খারাপ অবস্থায় ফিরে গেছে।
নেত্রকোনা-মদন সড়কের বাসচালক মানিক মিয়া জানান, প্রায় দুই বছর ধরে এসব রাস্তা এভাবে পড়ে আছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ২৮ কিলোমিটার দীর্ঘ এ রাস্তা অতিক্রম করতে আগে এক ঘণ্টা লাগত। এখন দেড় ঘণ্টা লেগে যায়।
নেত্রকোনা পৌরসভার মেয়র প্রশান্ত কুমার রায় বলেন, ‘সড়কগুলো মেরামতের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী নভেম্বরের মধ্যে দরপত্র আহ্বান করা হবে এবং জানুয়ারির মধ্যে কাজ শুরু করা হবে বলে আশা করছি। এরপর এ অবস্থা আর থাকবে না।’ সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, নেত্রকোনা-মদন সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। দু-তিন মাসের মধ্যে কাজ শুরু হবে।