সংস্কারের অভাবে বরগুনায় ২৬৬টি সেতু ঝুঁকিপূর্ণ
বরগুনার পাঁচ উপজেলার প্রত্যন্ত এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত প্রায় ২৬৬টি লোহার সেতু চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত ও দীর্ঘদিন সংস্কার না করায় সেতুগুলোর এ অবস্থা হয়েছে।বিকল্প ব্যবস্থা না থাকায় গ্রামের কয়েক লাখ বাসিন্দা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতু পারাপার হচ্ছে। বিশেষ করে বিদ্যালয়গামী শিশু-কিশোরেরা প্রতিদিন এসব সেতু পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণের পর এসব সেতু রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে এসব সেতু জরাজীর্ণ হয়ে পড়ে। এ ছাড়া ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৮ সালে ঘূর্ণিঝড় আইলায় অধিকাংশ সেতু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সেতুর সিমেন্টের পাটাতন ও লোহার হাতল ভেঙে যায়। এলাকার বাসিন্দারা বাঁশ, সুপারিগাছ, কলাগাছ দিয়ে কোনো রকম সংস্কার করে এ সেতু দিয়ে চলাচল করছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডির আওতায় ‘হালকাযান চলাচল প্রকল্পের’ অধীনে ২৬৬টি সেতু নির্মাণ করা হয়। এগুলোর মধ্যে বরগুনা সদরে ৩৫, বেতাগীতে ৪৬, বামনায় ৩৬, পাথরঘাটায় ৬২ এবং আমতলী উপজেলায় ৮৭টি সেতু রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বরগুনা সদরের উত্তর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে অনেক আগেই জরাজীর্ণ হয়ে পড়ে। এরপর ২০০৭ সালে সিডর ও ২০০৮ সালে আইলার তাণ্ডবে সেতুটির পাটাতন ভেঙে যায়। পরে স্থানীয় বাসিন্দারা বাঁশ ও তক্তা বিছিয়ে সেতুটি কোনো রকম চলাচলের উপযোগী রাখে। গত জানুয়ারি মাসে সেতুটি পার হতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হয় উত্তর আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মিতালী। সদরের ফুলঝুরি ইউনিয়নের পশ্চিম ছোট গৌরিচন্না ফকিরবাড়ি মাদ্রাসাসংলগ্ন সেতুটিও জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এলাকার লোকজন সেতুর ভেঙে যাওয়া পাটাতনের স্থলে বাঁশ ও সুপারিগাছ ফেলে কোনো রকমে সেতুটি চলাচলের উপযোগী রেখেছে। ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘এই সেতুর দুই পাশে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত। এ ছাড়া এ সেতু দিয়ে এলাকার প্রায় ১৫ হাজার মানুষ জেলা সদরে যায়।আমতলী উপজেলার কচুপাত্রা বাজারসংলগ্ন কচুপাত্রারদোন নদীর ওপর নির্মিত সেতুটি ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যাওয়ার চার বছর পরও সংস্কার করা হয়নি। এ কারণে এ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানায়, ১০ বছর আগে নির্মিত এই সেতু সিডরের সময় মাঝ বরাবর ভেঙে যায়। পরে গ্রামের বাসিন্দারা ভাঙা স্থানে বাঁশ দিয়ে সাঁকো বানিয়ে এর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এলজিইডি বরগুনা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আকবর হোসেন বলেন, ‘এসব সেতু ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। তাই এগুলো আর মেরামত করার কথা ভাবা হচ্ছে না। এসব স্থানে নতুন প্রকল্প গ্রহন করে আরসিসি সেতু নির্মাণের চিন্তাভাবনা চলছে।’