
দীর্ঘদিন সংস্কার না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
গত সোমবার সরেজমিনে দেখা গেছে, কমলগঞ্জ উপজেলার চৌমুহনা থেকে কুরমা তল্লাশিচৌকি পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ সড়কের শতাধিক স্থানে পিচের ঢালাই উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে। এতে সড়ক দিয়ে যাওয়ার সময় প্রায়ই যানবাহনের চাকা সড়কে আটকে যাচ্ছে। এতে যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ছাড়া প্রতিনিয়তই এই সড়কটি ব্যবহার করে উপজেলা ও জেলা সদরে যাতায়াত করেন আদমপুর ও ইসলামপুর ইউনিয়নের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। অসুস্থ ব্যক্তিরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে যান। এরপরও কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।
আদমপুর ইউনিয়নের তেঁতইগাঁও রসিদ উদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন ও মণিপুরি আদিবাসী ফোরাম সিলেট বিভাগীয় সম্পাদক সমরজীৎ সিংহ বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এ সড়কটি কেউ তদারক করছেন বলে মনে হয় না। কোনো ভিআইপি এ পথে এলে তখন গর্তে কিছু ইটের খোয়া আর বালু ফেলে সমান করা হয়। দীর্ঘদিন ধরে দুই ইউনিয়নবাসী শুধু আশার বাণী শুনছেন—সড়কটির টেন্ডার হচ্ছে এবং সংস্কার হবে। কিন্তু কোনো কাজই হচ্ছে বলে মনে হয় না।
মাইক্রোবাসচালক জামাল উদ্দীন জানান, পুরো সড়কে খানাখন্দ থাকায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো যায় না। মাঝেমধ্যে গাড়ির যন্ত্রাংশও ভেঙে যায়।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ বলেন, এই সড়কটি দুই ভাগে সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে মাধবপুর-পাত্রখোলা হয়ে আদমপুর পর্যন্ত ১২ কিলোমিটার অংশ সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যে ওই অংশের কাজ শুরু হয়েছে। এই অংশ সংস্কারের জন্য ২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সড়কের বাকি কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর পর্যন্ত ৮ কিলোমিটার অংশ সংস্কারের জন্য চার কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। একজন ঠিকাদার কাজটি পেয়েছেন। শিগগিরই তিনি কাজ শুরু করবেন।