সংস্কারের অভাবে বেহাল সৈয়দপুর বাস টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বেহাল হয়ে পড়েছে। এতে যাত্রী ও পরিবহন ব্যবসা-সংশ্লিষ্টরা চরম দুর্ভোগে পড়েছেন। বেহাল দশার কারণে টার্মিনালের মূল ভবন ব্যবহার না করে প্রধান সড়কের ওপর বাসে যাত্রী ওঠানামা করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পরিবহন মালিক ও কর্মচারীদের মতে, সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল হয়ে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাবান্ধা, নীলফামারীর ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ি, দেবীগঞ্জ, চিলাহাটি প্রভৃতি এলাকার প্রতিদিন কয়েক শ গাড়ি চলাচল করে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর, বগুড়ার দূরপাল্লার কোচও এই টার্মিনাল হয়ে গন্তব্যে যাতায়াত করে।
সরেজমিন দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থিত টার্মিনালটির দীর্ঘদিন ধরে কোনো মেরামত ও সংস্কারকাজ না হওয়ায় বাস রাখার বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। সামান্য বৃষ্টিতে টার্মিনালে পানি থইথই করে। ফলে বৃষ্টির সময় বাস টার্মিনালে কোনো গাড়ি প্রবেশ করতে পারে না এবং যাত্রীরাও ওঠানামা করতে পারেন না। এ ছাড়া যাত্রী বসার স্থানে ছাদের ও দেয়ালের আস্তর খসে পড়ছে।
নীলফামারী জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. নাহিদ বলেন, গত কয়েক বছরে টার্মিনালের বাইরে বাসে যাত্রী ওঠানামার সময় দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাপ্রবণ স্থান হিসেবে চিহ্নিত করে সড়ক বিভাজক নির্মাণ করা হয়েছে সেখানে।
নীলফামারী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ১০ বছরের বেশি সময় ধরে সংস্কার না হওয়ায় অনেকটা পরিত্যক্ত অবস্থা হয়েছে টার্মিনালটির। সেখানে বাস রাখতে গেলে গর্তে পড়ে বাসের ক্ষয়ক্ষতি হয়। টার্মিনালটির মেরামতকাজ পৌরসভার করার কথা থাকলেও দীর্ঘদিন কোনো সংস্কার কাজ হচ্ছে না।
নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বলেন, বাস টার্মিনালটি মেরামত ও সংস্কারের জন্য বহুবার সৈয়দপুর পৌরসভার কাছে আবেদন-নিবেদন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিনেও এটি মেরামত না করায় যাত্রী ও পরিবহন শ্রমিকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। টার্মিনালটি খানাখন্দকে পরিণত হওয়ায় বর্তমানে প্রায় ব্যবহারই করা হয় না বলে স্বীকার করেন তিনি।
রেবেকা সুলতানা নামের এক যাত্রী বলেন, টার্মিনালের বেহাল দশার কারণে যাত্রীদের হয়রানির মধ্যে পড়তে হয়। ভেতরে বসার স্থান নষ্ট হয়ে গেছে। গাড়িতে উঠতে হয় প্রধান সড়কে গিয়ে।
যোগাযোগ করা হলে সৈয়দপুর পৌরসভার মেয়র মো. আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, সৈয়দপুর বাস টার্মিনাল মেরামত ও সংস্কারের জন্য চলতি অর্থবছরে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু করা হবে।