সংস্কারের অভাবে বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের আঞ্চলিক মহাসড়কগুলো সময়মতো মেরামত ও সংস্কার না হওয়ায় সেগুলোর অবস্থা খুবই খারাপ। সিলেট-তামাবিল-জাফলং, সিলেট-ভোলাগঞ্জ, সিলেট-ঢাকা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের কয়েক শ কিলোমিটার যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে তৈরি হয়েছে ছোট-বড় বহু খানাখন্দের। এই অবস্থায় ঈদে ঘরমুখী মানুষ চরম দুর্ভোগের শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সিলেট-ঢাকা মহাসড়ক: এই মহাসড়কের সিলেট শহরের হুমায়ুন রশীদ চত্বর থেকে বালাগঞ্জ উপজেলার শেরপুর পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটারের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। অনেক স্থান দেবে গেছে। সরেজমিনে দেখা গেছে, হুমায়ুন রশীদ চত্বর, বাইপাস, চণ্ডিপুল, বদিকোনা, তেলিবাজার, লালাবাজার, বাহাপুর, ফরিদপুর, রশিদপুর, নাজিরবাজার, আহমদনগর, কুরুয়া, সোয়ারগাঁও, দয়ামির, চকরবাজার, ছিলমানপুর, ইলাশপুর, গোয়ালাবাজার, শশারকান্দি, বেগমপুর, গজিয়া ও সাদিপুর এলাকার সড়কজুড়ে ব্যাপক ফাটল। রশিদপুর থেকে কুরুয়া পর্যন্ত তিন কিলোমিটার অংশের প্রায় পুরোটাতেই ফাটল রয়েছে। সেই সঙ্গে অন্তত ১৫টি স্থানে সড়ক দেবে কার্পেটিং উঠে গেছে। দেবে যাওয়া স্থানগুলো দিয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সিলেট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সহসভাপতি শাহনুরুর রহমান বলেন, ‘রাস্তার কাজ ভালো না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ফাটল দেখা দিয়ে বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিভিন্ন স্থানে ভেঙে যাচ্ছে। এতে করে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।’সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ হচ্ছে দেশের বৃহৎ পাথর কোয়ারি। সেখান থেকে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাথর পরিবহনে এ সড়ক ব্যবহূত হয়। পাশাপাশি উপজেলার সাড়ে তিন লক্ষাধিক মানুষ এ সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করেন। তবে সড়কটিতে ছোট-বড় বহু গর্ত হওয়ায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন মেরামত না করায় সড়কের বেশির ভাগ অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ৩৭ কিলোমিটার দীর্ঘ এ সড়কের কয়েক কিলোমিটার বাদে কোথাও সমতল জায়গা নেই। বিধ্বস্ত এ সড়কের ওপর দিয়ে যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।সরেজমিনে দেখা গেছে, ধোপাগুল, লালবাগ, পাগলামোড়া, সালুটিকর, কাটাখাল, তেলিখাল, বন্নি, বড় বন্নি, তৈমুরনগর, থানাবাজার, লাছুখাল ও বউবাজার এলাকায় সড়কের অবস্থা খুব খারাপ। এসব স্থানে গত সপ্তাহে স্থানীয় সওজ কর্তৃপক্ষ জরুরি সংস্কারকাজ করেছে। অভিযোগ উঠেছে, সড়ক মেরামতের নামে গর্তের মধ্যে ইটের খোয়া, পাথর ফেলে বালু ও মাটি চাপা দেওয়া হয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কটি আগের অবস্থায় ফিরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সিলেট-তামাবিল-জাফলং সড়ক: সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট—এই তিন উপজেলার বাসিন্দারা সিলেট-তামাবিল-জাফলং সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করে। বাংলাদেশের অন্যতম বৃহৎ তামাবিল স্থলবন্দর, তামাবিল অভিবাসন কার্যালয়, পর্যটন এলাকা জাফলং, জৈন্তা রাজবাড়ি, লালাখালের পাশাপাশি সিলেটের অন্তত পাঁচটি পাথর-বালুমহালে এ সড়ক দিয়েই যাওয়া-আসা করতে হয়। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কটির স্থানে স্থানে খোয়া ও পাথর উঠে ছোট ছোট খানাখন্দ তৈরি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ৫৬ কিলোমিটার সড়কের মোহামঞ্চদপুর, তামাবিল, মামারদোকান, বল্লাঘাট এলাকার কয়েক কিলোমিটার অংশে খানাখন্দ বিশাল আকার ধারণ করেছে। গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পার্শ্ববর্তী মামারদোকান এলাকার ব্যবসায়ী জুলহাস মিয়া বলেন, ‘সড়কের জাফলং অংশে দীর্ঘদিন ধরে খানাখন্দ থাকলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই।’সওজ কর্তৃপক্ষ কী বলেন: সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম তিনটি সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় সড়কগুলো বেশি খারাপ হয়েছে। তবে সড়কগুলোর যেখানেই খানাখন্দ তৈরি হচ্ছে, সেখানেই তাৎক্ষণিকভাবে সংস্কারকাজ চালানো হচ্ছে। ইতিমধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে সংস্কারকাজ করা হয়েছে। এ ছাড়া সড়কটিকে জাতীয় মহাসড়কে রূপান্তরের একটি পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সওজ ঢাকা অধিদপ্তরের একটি দল ঢাকা-সিলেট মহাসড়ক এবং সিলেট-তামাবিল-জাফলং সড়কের বেহাল অংশ পরিদর্শন করে গেছে। পরিদর্শন দলটি লিখিত সুপারিশও ইতিমধ্যে জমা দিয়েছে।’[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শিপন খান, বালাগঞ্জ ও সঞ্জয় সঞ্জু, গোয়াইনঘাট]