সংস্কারের অভাবে ভাঙাচোরা রাস্তায় যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর শহরের পুরোনো গরুহাটা এলাকার সড়ক ভাঙাচোরা। রাস্তার খানাখন্দে জমে​ আছে বৃষ্টির পানি। ছবিটি গত বুধবার তোলা
যশোরের কেশবপুর শহরের পুরোনো গরুহাটা এলাকার সড়ক ভাঙাচোরা। রাস্তার খানাখন্দে জমে​ আছে বৃষ্টির পানি। ছবিটি গত বুধবার তোলা

যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর শহরের পুরোনো গরুহাটা এলাকার রাস্তার ৪০০ ফুট অংশ ভেঙে গেছে। দুই বছর ধরে কোনো সংস্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পুরোনো গরুহাটা এলাকার ওই সড়কে বড় বড় গর্ত। বৃষ্টির পানি ওই সব গর্তে জমে থাকছে। এ রাস্তায় চলাচলকারীরা, বিশেষ করে গাড়ির যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন বেশি।
এই সড়কে চলাচলকারী কয়েকজন বাসচালক বলেন, সড়কের কেদারপুর, তেইশ মাইল এবং কেশবপুর শহর এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কেশবপুর শহরের অংশটুকুর অবস্থা বেশি খারাপ। গাড়ি উল্টে যাওয়ার ভয় নিয়েই ওই সড়ক পার হতে হয়।
বাসযাত্রী সুব্রত পাল বলেন, তিনি প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এই জায়গাটুকু পার হতে চরম ভোগান্তি পোহাতে হয়। বাস উল্টে যাওয়ার ভয় থাকে।
তৃষা প্লাজার মালিক আবদুল খালেক বলেন, পানিনিষ্কাশনের জন্য দুই মাস আগে রাস্তা আড়াআড়ি কেটে দেওয়ার পর অবস্থা আরও খারাপ হয়েছে। কাটা অংশে পড়ে গিয়ে সম্প্রতি একজন মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস বলেন, ওই জায়গার পানি নিষ্কাশনের জন্য সড়কের পাশ দিয়ে নালা তৈরি করে দেওয়া হবে। যদিও রাস্তাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ), তারপরও আপাতত কিছু ইট ফেলার ব্যবস্থা করা হয়েছে।
সওজ যশোরের উপসহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, সড়কের ওই অংশের পানি নিষ্কাশন হতে না পেরে বড় গর্তের সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুম এলেই এই সড়কের ১৮ কিলোমিটার অংশ নতুন করে নির্মাণ করা হবে। আর পানি নিষ্কাশনের জন্য নালা নির্মিত হবে। আপাতত ইট দিয়ে গর্ত ভরাটের ব্যবস্থা করা হচ্ছে।