সংস্কারের অভাবে রাস্তা বেহাল, ভোগান্তি
সংস্কারের অভাবে দিনাজপুর শহরের অধিকাংশ রাস্তা বেহাল। এতে এসব রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন ও যানবাহনচালকেরা ভোগান্তির শিকার হচ্ছেন।
অভিযোগ উঠেছে, পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম রাস্তা, নর্দমা, পানি সরবরাহব্যবস্থার উন্নয়ন, পয়োপ্রণালি নিষ্কাশন, হাটবাজার উন্নয়নসহ নাগরিক সুবিধার জন্য কোনো কাজ করেননি। পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধিসহ পৌর নাগরিকদের আর্থসামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা ও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যে সহায়তা দিয়ে থাকে, নিজের অদক্ষতার কারণে সেসব সহযোগিতা আদায় করতে পারছেন না মেয়র। ফলে পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
তবে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ৬ কোটি ২৯ লাখ টাকার কাজের দরপত্র ও কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।
দিনাজপুর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার মোট পাকা রাস্তার দৈর্ঘ্য ২০৫ কিলোমিটার।
পৌর এলাকা ঘুরে দেখা যায়, শহরের উপশহর, ঈদগাহ আবাসিক এলাকা, মিশন রোড, লিলির মোড় থেকে বালুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড হয়ে কাঞ্চন সড়ক সেতু, মডার্ন মোড় থেকে ঘাষিপাড়া হয়ে চাউলিয়াপট্টি ডাবগাছ মসজিদ, চারুবাবুর মোড় থেকে ক্ষেত্রীপাড়া হয়ে পাটুয়াপাড়া, এনায়েতপুর থেকে রামনগর মোড়, কালীতলা কোতোয়ালি থানার মোড় থেকে ক্ষেত্রীপাড়া, রামনগর, কলেজপাড়া, লালবাগ, গোবরাপাড়া, সুইহারী এলাকার প্রতিটি রাস্তা বেহাল।
গত সোমবার শহরের মিশন রোড এলাকায় একটি রিকশা গর্তে পড়ে উল্টে যায়। এ সময় রিকশার যাত্রী এক স্কুলছাত্রী ও তার মা আহত হন। ক্ষোভ প্রকাশ করে ওই শিক্ষার্থীর মা প্রথম আলোকে বলেন, ‘আর কত দিন পৌরসভার মেয়র ও কাউন্সিলররা নাকে তেল দিয়ে ঘুমাবেন?’ এ ছাড়া গতকাল মঙ্গলবার পৌরসভার পাহাড়পুর এলাকায় রাস্তার গর্তে আটকে যায় ফয়জার আলীর ইজিবাইক।
পৌরসভার বালুবাড়ীর বাসিন্দা রওশন আলী বলেন, গত দুটি নির্বাচনে পৌরবাসী সৈয়দ জাহাঙ্গীর আলমকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু গত সাত বছরে পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তগুলো নোংরা পানিতে ভরে যায়।
শহরের সুইহারীর বাসিন্দা মজিবর রহমান বলেন, পৌরসভার বড় নর্দমাগুলো দখলদারদের হাতে চলে গেছে। পৌরসভা সেগুলো উদ্ধারে কোনো চেষ্টাই করছে না। এ ছাড়া প্রয়োজনীয় আস্তাকুঁড় (ডাস্টবিন) না থাকায় নাগরিকেরা যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের চাউলিয়াপট্টির অবসরপ্রাপ্ত এক চিকিৎসক গতকাল প্রথম আলোকে বলেন, পৌর মেয়র নিজের ভোট ব্যাংক ঠিক রাখতে যে-ই যাচ্ছে, বেআইনিভাবে কর কমিয়ে দিচ্ছেন। এতে পৌরসভার রোজগার কমে যাচ্ছে। এ ছাড়া দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ না করায় তারা সহযোগিতা বন্ধ করেছে। পৌরবাসীর স্বার্থে মেয়রের পদত্যাগ করা উচিত, অন্যথায় সরকারের উচিত তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক বলেন, সংস্কারের অভাবে ও যানবাহনের চাপে শহরের রাস্তায় বড় বড় গর্ত হয়েছে। তিনি অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানান।
গতকাল সকালে পৌর ভবনে নাগরিকদের দুর্ভোগ নিয়ে কথা হয় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমি কাউন্সিলর হিসেবে নিজেকে অযোগ্য মনে করছি। মূলত নিজস্ব তহবিল বা দেশি-বিদেশি উন্নয়ন প্রকল্প না থাকায় পুরোপুরি ব্যর্থ হয়েছি।’ ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘পৌরসভার পরিস্থিতি ভালো নয়।’ ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেহাতুল ইসলাম বলেন, ‘কোনো উন্নয়ন প্রকল্প না থাকায় পৌরসভার রাস্তার অবস্থা বেহাল।’
মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, গত অর্থবছরে রাস্তাগুলো সংস্কারে যে বরাদ্দ পাওয়া গিয়েছিল, তা দিয়ে যতটা সম্ভব কাজ হয়েছে। আরও একটি নতুন রিভাইস প্রকল্প তৈরি করে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। অনুমোদন আসেনি। এলাকার সাংসদ হুইপ ইকবালুর রহিম এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।