সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সব রাস্তাঘাট সংস্কারের অভাবে বেহাল অবস্থায় রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের এক ভবন থেকে অন্য ভবনে যেতে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাগুলো ভাঙাচোরা অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নিচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, প্রধান ফটকের সামনের রাস্তা, আবদুস সামাদ আজাদ হলের রাস্তা, সুহাসিনী দাস হলের রাস্তা, বালুচর গেটের রাস্তা, বঙ্গবন্ধু হলের রাস্তাসহ ক্যাম্পাসের কয়েক কিলোমিটার রাস্তার প্রায় সব অংশেই পিচ ও ইটের খোয়া উঠে ছোটবড় বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদে যাওয়ার জন্য ইট-সুরকি দিয়ে কয়েক বছর আগে অস্থায়ী একটি রাস্তা নির্মাণ করা হয়ছিল। এ অনুষদে যাওয়ার রাস্তা বর্তমানে খুবই নাজুক।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত ফারিয়েল বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই ভাঙাচোরা রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়। চলতে খুব সমস্যা হয়।’ ছাত্রী কামরুন্নাহার মৌসুমী বলেন, ‘সুহাসিনী দাস হলে যাওয়ার রাস্তা খুবই খারাপ। এ কারণে জরুরি কাজের সময় শত অনুরোধ করলেও রিকশাওয়ালারা এবড়োখেবড়ো রাস্তা মাড়িয়ে যেতে চান না।’ শিক্ষার্থী তাজুল ইসলাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু হলের রাস্তার সামনে দিয়ে গেলে মনেই হয় না এটি রাস্তা। যেন গ্রামের কোনো পথ। এর মধ্যে আবার উটকো ঝামেলা গবাদিপশুর অবাধ বিচরণ। ভাঙাচোরা রাস্তায় যেখানে-সেখানে গোবর পড়ে থাকায় পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।’ এ ব্যাপারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) জামাল উদ্দিন ভূঞা প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ভবন সংস্কারকাজ চলছে। তাই রাস্তা সংস্কার করা যাচ্ছে না। ভবন সংস্কারের কাজ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন একসঙ্গে সবগুলো রাস্তা সংস্কার করা হবে।’