সংস্কারের অভাবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম-কুচলিবাড়ি ছয় কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা সদরে যাতায়াতের জন্য দুই ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)) সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে স্থানীয় এলজিইডির অর্থায়নে পাটগ্রাম-ললিতারহাট সড়কটির তিন কিলোমিটার ও দ্বিতীয় পর্যায়ে ২০১১ সালের দিকে ললিতারহাট-কুচলিবাড়ি সড়কটির তিন কিলোমিটার কার্পেটিং করা হয়। এরপর আর সংস্কার করা হয়নি। ফলে পাটগ্রাম-কুচলিবাড়ি পর্যন্ত মোট ছয় কিলোমিটার সড়কের অধিকাংশ স্থানে কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটির বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে কুচলিবাড়ি ইউনিয়নের কুচলিবাড়ি, কুচলিবাড়ি কলসিরমুখ বিজিবি ক্যাম্প, পাইকারেরবাড়ি, টেইলেনটারী, দৌলতপুর, দোইয়ালেরটারী, দীঘলটারী, বসুনিয়াপাড়া, পানবাড়ি, ললিতারহাট, ডাঙাপাড়া, ভেদলোটারী, নদীরপাড়. দরগারপাড়, চাত্রারপাড় গ্রাম, দহগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামসহ অন্তত ৩৫ গ্রামের মানুষ যাতায়াত করেন। সড়কটি সংস্কার না হওয়ায় তাঁরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির দুপাশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে একটি গাড়ি আরেকটিকে পাশ কাটিয়ে যেতে পারে না। এ ছাড়া সড়কটির তিনটি সেতুর দুপাশের মুখেও গর্তের সৃষ্টি হয়েছে। এ সময় পাটগ্রামের কুচলিবাড়ি ইউনিয়নের কৃষক আবুল হোসেন আক্ষেপ করে বলেন, ‘খালি ফটোক (ছবি) তুলে কী করিবেন, বাহে। হামার এদিকার ঘাটাগুলা (পাকা রাস্তা) ভালো নাই। ভাঙ্গিচুরি (খানাখন্দ) হয়া গেইছে কত দিনে (আগে)। হামরা তো ঘাটার জন্যে ভালো (সংস্কার) করিবার দাবি করি। কিন্তু আন্দোলন করিবার পারি না। হামাক তো ধাবরেয়া (ধমক) দিয়া লাইফসাপোর্টের আখি (রাখি) দেয়। কিছু কবার গেইলে তো হামারলার মরণ দশা হইবে। তোমালা সম্বাদিক (সাংবাদিক) বেশি করি নেখিবার (লেখা) না পাইলে ঘাটাটা ঠিক হইবে না।’
কুচলিবাড়ি গ্রামের মাখই মিয়াসহ চারজন কৃষক বলেন, তাঁদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলা সদরের হাটবাজারে নিতে হয়। কিন্তু এই ভাঙাচোরা সড়কের কারণে ভ্যানচালকেরা যেতে চান না। গেলেও এ জন্য অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
ভ্যানচালক আবু মিয়া বলেন, ‘ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই তাঁর ভ্যান ক্ষতিগ্রস্ত হয়। এ জন্য বেশি মাল নেওয়া যায় না। বাধ্য হয়ে ভাঙাচোরা রাস্তায় চলাচল করতে হচ্ছে। এতে গাড়িও ভাঙচ্ছে, বসেও থাকতে হচ্ছে।’
কুচলিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুল হক বলেন, বেহাল সড়কটির বিষয়ে ইতিমধ্যে উপজেলার সমন্বয় বৈঠকেও আলোচনা হয়েছে। এতেও কোনো কাজ হচ্ছে না।
পাটগ্রামের এলজিইডির প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান বলেন, রংপুর বিভাগ উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক রয়েছে। তাই প্রকল্পের আওতায় অনুমতি এলেই সড়কটি মেরামত করার কাজ শুরু করা হবে।