সংস্কারের অভাবে সড়কে গর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কসবা–কৃষ্ণপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কসবা–কৃষ্ণপুর সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার অধিকাংশ সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এসব সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে পৌরসভার বাসিন্দারা দুর্ভোগ পোহাচ্ছে। গর্তের কারণে সড়ক উঁচু–নিচু হয়ে থাকায় অনেক সময় যাত্রীরা ঝাঁকুনির কারণে রিকশা থেকে পড়ে যান।
পৌরসভা সূত্রে জানা গেছে, কসবা পৌরসভার পাকা রাস্তা ২৪ দশমিক ৬৭ কিলোমিটার এবং কাঁচা রাস্তা পাঁচ কিলোমিটার। এর মধ্যে কসবা বাজার থেকে শুরু করে মহিলা মাদ্রাসা হয়ে কৃষ্ণপুর সড়কটি ২০০৩-২০০৪ অর্থবছরে সংস্কার করা হয়। একই বছর কসবা মহিলা মাদ্রাসা-হকার সড়ক, কসবা-তারাপুর সড়ক, গুরুহিত-তালতলা সড়কটি সংস্কার করা হয়েছে। এ ছাড়া কসবা মহিলা মাদ্রাসা-কাঞ্চনমুড়ি সড়কটি ২০০০-২০০১ অর্থবছরে সংস্কার করা হয়। ২০০৩-২০০৪ অর্থবছরের পর আর কোনো সড়ক সংস্কার করা হয়নি।
পৌর সভার কয়েকজন বাসিন্দা জানান, পৌরসভার সড়কগুলো অবস্থা খুবই খারাপ। এসব সড়ক দিয়ে চলতে গিয়ে তাঁরা ভোগান্তির শিকার হন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ দুর্ভোগের হাত থেকে তাঁরা মুক্তি চান।
সম্প্রতি কসবা মহিলা মাদ্রাসা সড়কে গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে ছোট–বড় অনেক গর্ত রয়েছে। একই অবস্থা দেখে গেছে হাকর, কাঞ্চনমুড়ি, কৃষ্ণপুর, গুরুহিত, তালতলা, তারাপুর সড়কেও।
রিকশাচালক জামাল মিয়া বলেন, কসবা বাজার-কৃষ্ণপুর সড়কটি দিয়ে গেলে যাত্রীরা গালাগাল করেন। যাত্রীরা প্রায়ই রিকশা থেকে পড়ে যান। ভাঙা রাস্তায় গেলে রিকশাও নষ্ট হয়ে যায়।
কসবা পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জিয়াউল হুদা বলেন, পৌরসভা নির্বাচনের প্রায় চার বছর পেরিয়ে গেলেও রাস্তাগুলো মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
কসবা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল উদ্দিন সরকার বলেন, কসবা-কৃষ্ণপুর সড়কটির অবস্থা খুবই খারাপ। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটেছে। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। অর্থের অভাবে সড়কটি স্থায়ীভাবে সংস্কার করা যাচ্ছে না।
কসবা পৌরসভার প্রকৌশলী কামরুল আহসান বলেন, সড়কগুলোর অবস্থা আসলেই খুব খারাপ। সড়কগুলো সংস্কার করতে বড় ধরনের প্রকল্পের প্রয়োজন।
পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, সড়কগুলো সংস্কার করতে এলজিইডির প্রধান প্রকৌশলী কাছে ৩৬টি প্রকল্প করে আট কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকার প্রাক্কলন তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অর্থের অভাবে সড়কগুলো সংস্কার করা যাচ্ছে না।