সংস্কারের অভাবে সেতু ঝুঁকিপূর্ণ, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলারের পলেস্তারা খসে পড়ে ইট বের হয়ে আছে। দুই পাশের রেলিং ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ঝুঁকিপূর্ণ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ-কালিগঞ্জ সড়কের মন্নেয়ারপাড় এলাকার সেতু। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ এর ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা পরিষদ ১৯৮৬ সালে কালিগঞ্জ ইউনিয়নের মন্নেয়ারপাড় বিলের ওপর একটি পাকা সেতু নির্মাণ করে। এর দৈর্ঘ্য ১০০ ফুট এবং প্রস্থ ১০ ফুট। সেতুর ওপর দিয়ে ভিতরবন্দ, কালিগঞ্জ, কেদার, নারায়ণপুর, বল্লভেরখাস ইউনিয়নের লোকজন চলাচল করে। সেতুর পশ্চিম পাশে ভিতরবন্দ ও পূর্ব পাড়ে কালিগঞ্জ হাট। উভয় পারের কৃষকেরা তাঁদের খেতের ফসল বিক্রির জন্য এ সেতুর ওপর দিয়ে গাড়িতে করে নিয়ে যান। তা ছাড়া এ সেতুর ওপর দিয়েই পাঁচ ইউনিয়নের মানুষ জেলা ও উপজেলা শহরে যাতায়াত করে। জেলা পরিষদ নির্মাণ করলেও পরে সেতুটির দেখভাল আর সেভাবে করেনি। এ কারণে সেতুটি দীর্ঘদিন সংস্কার করা হয়নি। এতে চার বছর আগেই পলেস্তারা খসে পড়ে সেতুর পিলারগুলো দুর্বল হয়ে যায়। ভেঙে পড়েছে দুই পাশের রেলিং। আগে মিনিট্রাক ও টেম্পো চলাচল করলেও এখন বন্ধ রয়েছে। এখন রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করে।
মন্নেয়ারপাড়ের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ‘এত দিন থাকি পুলটার খারাপ অবস্থা কাইয়ো (কেউ) নজর দেয় না। পুলের এমন হাল হইছে পাঁচ-ছয় মণ ওজনের মাল নিয়া ভ্যানগাড়ি চালাইতেও ভয় লাগে।’ একই এলাকার ইছিমুদ্দিন বলেন, প্রতিদিনই সেতু পারাপার হওয়ার সময় রিকশা ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হয়।
এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, কৃষকদের তাঁদের উৎপাদিত বিভিন্ন ফসল ও মালামাল ক্রয়-বিক্রয় করতে ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হয়। গরু বা ঠেলাগাড়িতে পণ্য নিয়ে এসে সেতুর কাছে আসার পর সেসব পণ্য মাথায় করে পারাপার করতে হয়।
কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) নুর ইসলাম জানান, সেতুটির কারণে মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। বহুবার উপজেলা সমন্বয় কমিটিতে উপস্থাপন করা হয়েছে, কিন্তু কাজ হয়নি। বিশেষ করে বন্যার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়।
সড়ক ও জনপথ বিভাগের কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন, গত বছরই সেতুটির তাঁদের আওতায় এসেছে। এটি জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী বছরে এখানে একটি নতুন সেতু নির্মাণ করা হবে।