
সংস্কারের অভাবে গাইবান্ধা-সাঘাটা সড়কের চার কিলোমিটার অংশে বড় বড় গর্ত হয়েছে। কোনো কোনো স্থানে দুই ধারের মাটি ধসে গেছে। বিকল্প সড়ক না থাকায় পাঁচ লাখের বেশি মানুষ নানা ঝক্কি সয়ে জেলা শহরে যাতায়াত করছেন।
গাইবান্ধা জেলা শহর থেকে সাঘাটা বাজার পর্যন্ত ৩৫ কিলোমিটার এ রাস্তাটি গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে। প্রায় তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়। সড়কের বিভিন্ন স্থান থেকে পিচ উঠে গেছে। বিশেষত ফুলছড়ি উপজেলার উল্লাভরতখালি থেকে সাঘাটা উপজেলার কচুয়াহাট পর্যন্ত এ চার কিলোমিটারের অবস্থা বেশি খারাপ।
সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম শহীদ বলেন, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার পাঁচ লাখের বেশি মানুষ এই সড়ক দিয়ে জেলা শহরে যাতায়াত করেন। এ ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। দুই উপজেলার লোকজনকে জেলা শহরে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে সময় লাগছে বেশি। যাতায়াত খরচও বেড়ে গেছে। বিষয়টি সওজ বিভাগকে জানানো হয়েছে।
২৬ মে সরেজমিনে দেখা গেছে, সড়কের উল্লাভরতখালি থেকে কচুয়াহাট পর্যন্ত এলাকার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। ওই অংশে সড়কের খোয়া, এমনকি ইটও উঠে গেছে। কোনো কোনো জায়গায় দুই ধারের মাটি ধসে গেছে। ফলে গাড়ি চলার সময় এক পাশে হেলে যায়। ফুলছড়ি উপজেলার গজারিয়া গ্রামের স্কুলশিক্ষক রফিক-উদ-দৌলা আলম বলেন, এমনিতেই সড়কটি বিধ্বস্ত, এর ওপর সড়কটি সরু। ফলে একটি গাড়ি অন্য গাড়িকে পাশ কাটিয়ে যেতে পারে না। বিশেষ করে বর্ষা মৌসুমে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না।
সড়কের আশপাশে বসবাস করা লোকজন বলেন, এ সড়ক দিয়ে বগুড়াতেও যাওয়া যায়। এ সড়কে বাস-ট্রাকসহ প্রতিদিন প্রায় ১০০টি গাড়ি চলাচল করে। সড়কের ছবি তোলার সময় সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামের কৃষক আসাদুল ইসলাম (৪২) বললেন, ‘ফটোক তুলি কী করব্যান? ব্যাটারা ফাঁকি দিয়া ভোট নেয়। ভোটোত জিতি হামারঘরে আস্তা পাকা করে না।’
একই গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান (৪৮) বলেন, তাঁকে ব্যবসায়িক কারণে প্রতিদিন জেলা শহরে যেতে হয়। কিন্তু এই সড়কে চলাচল করতে ইচ্ছা হয় না। এ ছাড়া যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে।
গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান মুঠোফোনে বলেন, সড়কটি সংস্কারের জন্য ১২ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।
তবে সাঘাটার কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা গ্রামের সংস্কৃতিকর্মী আজাদ রহমান বলেন, দীর্ঘদিন থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে আসছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না।