সংস্কারের অভাবে সড়কে গর্ত
নয় বছরেও সংস্কার না করায় বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষ্মীকোলা-তাঁতড়া সড়কটির বিভিন্ন স্থান ভেঙে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এ সড়কে যাতায়াত করতে গিয়ে উপজেলার ১০টি গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে উপজেলার লক্ষ্মীকোলা, উদয়কুড়ি, উঁচুলবাড়িয়া, বাঁশবাড়িয়া, চৈতনবাড়ী, পাকুরিয়াপাড়া, সেনপাড়া, কুসুম্বী, দাসপাড়া ও তাঁতড়া গ্রামের লোকজন যাতায়াত করে।কুসুম্বী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন অভিযোগ করেন, সড়কটি সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) শেরপুর কার্যালয়ে একাধিকবার আবেদন করা হলেও কোনো কাজ হয়নি।ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, ২০০০ সালে এলজিইডির অধীনে ওই সড়কের এক কিলোমিটার পাকা করা হয়। তিন বছর পর সড়ক সংস্কার করার নিয়ম থাকলেও আজ পর্যন্ত তা করা হয়নি।সরেজমিনে দেখা গেছে, সংস্কার না করায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং অনেক জায়গায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। উদয়কুড়ি গ্রামের কৃষক বাবলু মিয়া বলেন, ‘এই সড়ক দিয়া এলাকার কৃষকেরা ফসল (কৃষিপণ্য) হাট-বাজারে তোলে। সড়ুকডা খারাপ হওনে ভ্যানগাড়িত কইরা ফসল নিয়া যাইতে খুব কষ্ট হয়।’ তাঁতড়া গ্রামের কৃষক রমজান আলী জানান, গ্রামের কোনো লোক অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে এ সড়ক দিয়ে যেতে কষ্ট হয়।তাঁতড়া উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম জানান, এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। বর্ষাকালে সড়কের গর্তগুলো পানিতে ডুবে থাকে। তখন বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম জানান, বরাদ্দ না পাওয়ায় পাকাকরণের পর যথাসময়ে সড়কটি সংস্কার করা যায়নি। বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে।