সংস্কারের আড়াই মাসেই দেবে গেছে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলের উত্তর চণ্ডীপাশা মহল্লার দেবে যাওয়া সড়কের একটি অংশ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
নান্দাইলের উত্তর চণ্ডীপাশা মহল্লার দেবে যাওয়া সড়কের একটি অংশ। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

সংস্কারকাজ শেষ হওয়ার আড়াই আসের মধ্যেই ময়মনসিংহের নান্দাইল পৌরসভার উত্তর চণ্ডীপাশা মহল্লার সড়কের দুই পাশ দেবে গেছে। এ কারণে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুই হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, উত্তর চণ্ডীপাশা মহল্লার বালু ব্যবসায়ী সোহেল মিয়া সড়কের ওপর দিয়ে ট্রাক্টর দিয়ে বালু পরিবহন করছেন। ওই বালুবাহী ভারী ট্রাক্টরের চাপে সড়কের দুই পাশ দেবে গেছে। এ ছাড়া ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় সড়কের এই দুর্দশা হয়েছে।
পৌরসভার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সড়কটির দৈর্ঘ্য আধা কিলোমিটার ও প্রস্থ আট ফুট। পৌরসভার কাছ থেকে ওই সড়কের পিচ ঢালাইয়ের কাজ নেন স্থানীয় ঠিকাদার হাসনাত মাহমুদ। প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে মে মাসের শেষ সপ্তাহে ওই কাজ শেষ করা হয়।
৯ আগস্ট সরেজমিনে দেখা যায়, ওই সড়কের দুই পাশ দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বালু ব্যবসায়ী সোহেলের বালুবাহী ট্রাক চলাচল করায় সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। কিছু কিছু স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সোহেল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো তিনি মেরামত করে দেবেন। তিনি দাবি করেন, তাঁর বালুবাহী ট্রাকগুলো বর্তমানে সড়কের দেবে যাওয়া অংশ এড়িয়ে চলছে।
উত্তর চণ্ডীপাশা গ্রামের মো. হাদিস মিয়া বলেন, বালুবাহী ট্রাক চলাচল করায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গ্রামের ইসলাম উদ্দিন বলেন, দীর্ঘসময় অপেক্ষার পর পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কার করে। কিন্তু সড়কটি টেকসই না হলে শত শত মানুষ দুর্ভোগের শিকার হবে।
এ ব্যাপারে ঠিকাদার হাসনাত মাহমুদ ১০ আগস্ট বলেন, তিনি কাজ ঠিকমতোই করেছেন। কাজ ভালো না হলে পৌরসভা আপত্তি জানাত। কিন্তু তারা তা করেনি। মূলত বালুবাহী ভারী ট্রাক্টর সড়কের ওপর দিয়ে চলাচল করায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।
জানতে চাইলে এলজিইডির একজন সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভালোভাবে কাজ করা হলে আড়াই মাসের মধ্যে সড়কের এ অবস্থা হতে পারে না। ওই এলাকার (৭ নম্বর ওয়ার্ড) কাউন্সিলর আবদুল কাদির বলেন, সড়ক দিয়ে বালুবাহী ভারী ট্রাক্টর চলাচল করায় সড়কটির দুই পাশ দেবে গেছে। তিনি ভারী যানবাহন চলাচল বন্ধ করার উদ্যোগ নেবেন।
এ বিষয়ে নান্দাইল পৌরসভার প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম বলেন, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।