
যোগাযোগমন্ত্রীর ঘোষণায় তাড়াহুড়া করে সড়ক সংস্কার করতে গিয়ে আরও দুরবস্থায় পড়ছে বরিশাল-ঢাকা মহাসড়ক। বড় বড় গর্ত, খানাখন্দ ইট ও বালু ফেলে ভরাট চলছে। কিন্তু বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে পরক্ষণেই সেই ইট উঠে গিয়ে আরও খারাপ অবস্থার সৃষ্টি হচ্ছে। মহাসড়কে গাড়ি চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ।
গতকাল রোববার বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশাল অংশের ৪৮ কিলোমিটার সড়কের মধ্যে ৩০ কিলোমিটার এলাকা সরেজমিনে ঘুরে এই দুর্দশা দেখা গেছে। বাকি ১৮ কিলোমিটারেও প্রায় অভিন্ন পরিস্থিতি বলে জানা গেছে।
বরিশাল থেকে গৌরনদী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এর মধ্যে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল, বরিশাল শিক্ষা বোর্ড, সাতমাইল, রহমতপুর, বরিশাল ক্যাডেট কলেজ, মাহিলারা, বামরাইল, বাটাজোর, বার্থী, আশোকাঠি এলাকায় অসংখ্য খানাখন্দ। বৃষ্টির পানিতে উঠে গেছে এসব এলাকার বিটুমিন।
মহাসড়কের মাহিলারা বড়বাড়ি এলাকায় ইটের খোয়া ও বালু দিয়ে সড়কের গর্ত ভরাট করতে দেখা গেছে। সেখানে সড়ক ও জনপথ বিভাগের কর্মীদের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (সহকারী) মো. কুতুব উদ্দিন বলেন, প্রাথমিক ঠেকা দেওয়ার জন্য ইট ও বালু দেওয়া হচ্ছে। কিন্তু গাড়ির সংখ্যা বেশি হওয়ায় দ্রুত ইট উঠে যাচ্ছে।
ঢাকা-বরিশাল রুটের ঈগল পরিবহনের বাসচালক ইব্রাহীম হোসেন বলেন, ভুরঘাটা থেকে জয়শ্রী পর্যন্ত সড়কে ইটের খোয়া ফেলে গর্ত ভরাটের চেষ্টা চলছে। কিন্তু সেই খোয়া উঠে গিয়ে আবার গর্তের সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, লোক দেখানো যে সংস্কারকাজ হচ্ছে তাতে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি একটুও কমবে না।
সাতমাইল এলাকার গাড়িচালক মো. হারুন অর রশীদ ও রহমতপুরের মুন্টু দাস বলেন, উজিরপুরের জয়শ্রী থেকে ভুরঘাটা পর্যন্ত এই মহাসড়কের অবস্থা খুবই খারাপ। ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। প্রতিদিনই কোথাও না কোথাও গাড়ির পাতি ভেঙে ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
গতকাল মহাসড়কের ৩০ কিলোমিটার এলাকা পরিদর্শনকালে জয়শ্রী থেকে গৌরনদীর দিকে মাত্র চার কিলোমিটার সড়কে পাথর ও পিচ দিয়ে সংস্কারকাজ করতে দেখা গেছে। বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কথা হয় সওজের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট শামসুল হকের সঙ্গে। তিনি বলেন, এই চার কিলোমিটার সড়কে সংস্কার করা হয়েছে। ভুরঘাটা পর্যন্ত এই কাজ চলবে। যোগাযোগমন্ত্রীর ২০ তারিখের মধ্যে সড়ক সংস্কারের কাজ শেষ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কী করব? চেষ্টা তো করে যাচ্ছি। বর্ষার জন্য কাজ এগোচ্ছে না। বৃষ্টির পর ফোম দিয়ে শুকিয়ে কাজ করতে হচ্ছে।’
এসব ব্যাপারে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ শাহেদ প্রথম আলোকে বলেন, বৃষ্টিপাত হলে সমস্যা হবেই। বরিশাল-ঢাকা মহাসড়কের ৪৮ কিলোমিটার এলাকার ২০ ভাগ সড়ক কিছুটা খারাপ। বৃষ্টির কারণে পুরোপুরি সংস্কার করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে গৌরনদীর আগে কিছু সড়ক খারাপ আছে। সেখানে জরুরি ভিত্তিতে কাজ চলছে। এ ছাড়া মহাসড়কের মাহিলারা এলাকায়ও গর্ত ও খানাখন্দগুলো ভরাট করা হচ্ছে। কোথাও কোথাও বিটুমিনের কাজও হচ্ছে। তিনি বলেন, যেখানে সড়ক খারাপ হবে সেখানেই কাজ করা হবে।