
সংস্কারকাজের এক বছরের মধ্যেই বেহাল হয়ে পড়েছে কুমিল্লা নগরের কান্দিরপাড়-ধর্মপুর সড়ক। সড়কের মধ্যে কোথাও কোথাও বড় আকারের গর্ত। ফলে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথভাবে কাজ না করায় সড়কের এই দুরবস্থা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশলীরা বলছেন, সড়কের মান খারাপ হওয়ায় ঠিকাদারের জামানতের টাকা আটকে দেওয়া হয়েছে। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুম শেষ হলেই খানাখন্দ ভরাট করে দেওয়া হবে।
নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ধর্মপুর মোড় পর্যন্ত তিন কিলোমিটার সড়কের কাজ শুরু হয়। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হক এন্টারপ্রাইজ ওই কাজ করে। ২০১৬ সালের জুলাইয়ে কাজ শেষ হয়। নিয়মানুযায়ী মেশিন দিয়ে ইট, বালু, সিমেন্ট ও পাথর মিশ্রণ করার কথা। কিন্তু সেখানে হাতে তৈরি মিশ্রণ দিয়ে সড়কে কাজ করা হয়। সড়কের দুই পাশে পানি সরার কোনো জায়গা নেই। এসব কারণে বৃষ্টি হলেই সড়কের মধ্যে পানি জমে থাকে। দীর্ঘদিন পানি জমে থাকায় জলাবদ্ধতা দেখা দেয়। তখন বিটুমিন ও পিচ নষ্ট হয়ে যায়। এতে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের অশোকতলা প্রশ্ননীড় ভবন ও মা হোটেলের সামনে, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পাশে, ভারুল বাড়ির সামনে ও জেলা ও দায়রা জজের বাসভবনের উত্তর পাশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের বাসভবনের দক্ষিণ পাশে ছোট-বড় শতাধিক গর্ত রয়েছে। রানীর বাজার জনপ্রিয় ফার্মেসির সামনে সৃষ্টি হওয়া গর্তে ময়লা-আবর্জনা জমে আছে। সেখানে বৃষ্টির পানি নামার জায়গা নেই। কুমিল্লা মডার্ন হাইস্কুল লাগোয়া ট্রান্সকমের শোরুমের সামনে অন্তত ১৫টি গর্তের সৃষ্টি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা কুমিল্লা ট্রমা সেন্টারের সামনে। সেখানে খোয়া উঠে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।
নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা দুলাল মিয়া বলেন, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা মডার্ন স্কুল, ফরিদা বিদ্যায়তন, আরআর ইন্টারন্যাশনাল স্কুল ও কুমিল্লা আইন কলেজে যাতায়াত করে। এ ছাড়া বিসিক শিল্প নগরীর যানবাহনও এখান দিয়ে চলাচল করে। সংস্কারের এক বছরের মধ্যে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
হক এন্টারপ্রাইজের পক্ষে ঠিকাদার নাহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কমলে ঠিক করে দেব। মান বজায় রেখে কাজ করা হয়েছে।’
এ বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, যে ত্রুটি দেখা দিয়েছে, তা বৃষ্টির পর মেরামত করা হবে। ঠিকাদারকে এ জন্য চিঠি দেওয়া হয়েছে।