সংস্কারের এক বছরের মাথায় গর্তে ছেয়ে গেছে সড়ক
সংস্কারের এক বছরের মাথায় গর্তে ছেয়ে গেছে আনোয়ারার কৈখাইন-চামুদরিয়া সড়ক। সাম্প্রতিক সময়ে কয়েক দফা বৃষ্টি ও বন্যায় পুরোপুরি ভেঙে গেছে সড়কটি। কোনো রকমে একটা গর্ত পার হলেই আরেকটা গর্ত। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, কৈখাইন নয়া রাস্তার মাথা থেকে ওষখাইনের চামুদরিয়া ঘাট পর্যন্ত বিস্তৃত এই সড়কের দৈর্ঘ্য ১০ কিলোমিটার। গত বছর ৪৮ লাখ টাকা ব্যয়ে সড়কটি মেরামত করা হলেও এবারের বন্যায় ধুয়ে–মুছে গেছে সংস্কারের চিহ্ন। সড়কের আশপাশে পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন, ভিংরোল, মাহাতা, দেওতলা, শিলালিয়া, তালসরা, মামুরখাইন, ওষখাইন, পূর্ব কৈন্যারা, তাতুয়াসহ বেশ কয়েকটি গ্রামের অবস্থান। সড়ক ভাঙা হওয়ায় এসব এলাকার লোকজন চলাফেরায় চরম ভোগান্তি পোহাচ্ছেন।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, ছত্তারহাট থেকে কৈখাইন পর্যন্ত সড়কের তিন কিলোমিটার অংশে বড় বড় গর্ত। কৈখান এলাকায় একটি সেতুর উভয় পাশের মাটি দেবে যাওয়ায় ঝুঁকি তৈরি হয়েছে যানবাহন চলাচলে। সাত্তারহাট থেকে ছামুদরিয়া পর্যন্ত বাকি সাত কিলোমিটার সড়কেরও একই হাল। পিচ ঢালাই উঠে গিয়ে নানা স্থানে তৈরি হয়েছে খানাখন্দ। স্থানীয় বাসিন্দারা জানান, এবারের বন্যার পর দীর্ঘ সময় ধরে পানির নিচে ডুবে থাকার কারণে কৈখাইন-চামুদরিয়া সড়ক একেবারেই ভেঙে গেছে। কৈখাইন এলাকার বাসিন্দা আবুল ফজল (৩৭) বলেন, সড়কটি দিয়ে অটোরিকশা করে যাতায়াতের সময় মনে হয় এই বুঝি গর্তে পড়ে উল্টে গেল।
এ ব্যাপারে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান প্রথম আলোকে বলেন, কৈখাইন-চামুদরিয়া সড়ক সংস্কারের জন্য এক কোটি আট লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় আছে। এ জন্য দরপত্রও আহ্বান করা হবে। এ ছাড়া ওই সড়কের একটি সেতুর সংস্কারকাজও শুরু হবে শিগগিরই।