সংস্কারের এক মাসের মধ্যে সড়ক বেহাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাথরঘাটা-মঠবাড়িয়া-রাজাপুর সড়কের পাথরঘাটা অংশের এক কিলোমিটার সড়কের সংস্কার করার এক মাসের মাথায় এই হাল হয়েছে। ছোট পাথরঘাটা এলাকা থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো
পাথরঘাটা-মঠবাড়িয়া-রাজাপুর সড়কের পাথরঘাটা অংশের এক কিলোমিটার সড়কের সংস্কার করার এক মাসের মাথায় এই হাল হয়েছে। ছোট পাথরঘাটা এলাকা থেকে গত রোববার তোলা ছবি l প্রথম আলো

সংস্কারের এক মাসের মধ্যে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা উপজেলার একটি সড়কের এক কিলোমিটার অংশ।
সওজ ও ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, বৃষ্টির কারণে সড়কটিতে আবার খানাখন্দের সৃষ্টি হয়েছে। তবে ভুক্তভোগীদের অভিযোগ, দায়সারাভাবে কাজ করায় এ অবস্থা হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বরগুনা কার্যালয়ের দেওয়া তথ্যমতে, পাথরঘাটা-কাঁঠালিয়া-মঠবাড়িয়া সড়কের ওই পাথরঘাটা অংশ সংস্কারে গত মার্চে দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে বরগুনার মেসার্স রুদ্র কনস্ট্রাকশন কাজ পায়। ছোট পাথরঘাটা সেতুর উত্তর পাশ থেকে ঘুটাবাছা পর্যন্ত এই এক কিলোমিটার সড়ক সংস্কারে ব্যয় হয় ১১ লাখ টাকা। জুন মাসে কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান।
এলাকাবাসীর অভিযোগ, গত জুলাই মাস থেকে সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়। যেনতেনভাবে কাজ করায় সড়কটির অবস্থা এখন সংস্কারের আগের অবস্থার চেয়েও খারাপ।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, সড়কে সুরকি উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে বাসসহ বিভিন্ন যান। আলী হোসেন নামের একজন পথচারী বলেন, সংস্কারকাজে যে ১১ লাখ টাকা ব্যয় করা হয়েছে, তা এই এক কিলোমিটার সড়কে বিছিয়ে রাখলেও চলাচল করার মতো অবস্থা থাকত।
তবে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রুদ্র কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী নাজমুল আহসান বলেন, কার্যাদেশ অনুসারেই কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু বর্ষা মৌসুমে কাজ করায় দ্রুত সড়কটির অবস্থা খারাপ হয়েছে।
সওজ বরগুনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বিটুমিনের কাজ দীর্ঘস্থায়ী হয় না। এ কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে।