সংস্কারের এক সপ্তাহেই বেহাল কুমিল্লা নগরের প্রধান দুই সড়ক

সংস্কারের এক সপ্তাহ পর টানা দুই দিনের বৃষ্টিতে কুমিল্লা নগরের কান্দিরপাড় থেকে পুলিশ লাইন ও ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত ২ দশমিক ৩ কিলোমিটার সড়কে খানাখন্দ ও ডোবার সৃষ্টি হয়েছে। সড়কের মধ্যে জমে আছে পানি।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ১৪ জুন নগরের কান্দিরপাড় থেকে পুলিশ লাইন পর্যন্ত এক কিলোমিটার এবং কান্দিরপাড় পূবালী চত্বর থেকে ধর্মপুর পূর্ব চৌমুহনী পর্যন্ত ১ দশমিক ৩ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। সংস্কারের পর ২১ ও ২২ জুনের বৃষ্টিতে ইটের খোয়া, পাথর ও বিটুমিন উঠে যায়। এরপর ক্ষণে ক্ষণে বৃষ্টির পানিতে সড়কের বেহাল অবস্থা তৈরি হয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ড্রেনেজ (নালা) ব্যবস্থা উন্নত না হলে সড়কের মধ্যে পানি উঠবে। ওই পানি জমেই সড়ক নষ্ট হচ্ছে। টানা বৃষ্টির পানিতে সংস্কার হওয়া সড়ক নষ্ট হয়ে গেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে সড়কগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সিটি করপোরেশন সীমিত অর্থ দিয়ে সব সড়ক রক্ষণাবেক্ষণ করতে পারছে না। যে কারণে নগরের সড়কগুলোর বেহাল দশা।