সংস্কারের এক সপ্তাহের মধ্যে আগের অবস্থায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-চরফ্যাশন-আইচা আন্ত মহাসড়কে কয়েক শ গর্তের সৃষ্টি হওয়ার পর সম্প্রতি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ইট, সুরকি ও বালু ফেলে তা সংস্কার করে। সাত-আট দিনের মাথায় বৃষ্টির পানিতে ধুয়ে সড়কটি আগের অবস্থায় ফিরে গেছে। সড়কটি সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে বড় বড় গর্ত। গত ২৩ ও ২৪ আগস্ট সওজ কর্তৃপক্ষ গর্তগুলোতে ইট, সুড়কি ও বালু ফেলে সড়কটি সংস্কার করে। এ নিয়ে চলতি বর্ষায় দ্বিতীয়বার সড়কটির সংস্কার করে সওজ।বিভিন্ন যানের চালক, পথচারী ও যাত্রীদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে সংস্কার কোনো কাজে আসেনি। এ সড়কে নিয়মিত চলাচল করা বাসের চালক নূরনবী ও জসিমউদ্দিন অভিযোগ করেন, সড়কের বোরহানউদ্দিন কুঞ্জেরহাট থেকে লালমোহন বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গর্তের পরিমাণ বেশি। সংস্কার করার দুই-এক দিন পরই বৃষ্টির পানিতে গর্তগুলোতে ফেলা ইট, সুড়কি ও বালি ধুয়ে যেতে থাকে। সাত-আট দিনের মাথায় তা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়। এখন দেখলে মন হয় না, সড়কটি মাত্র কয়েক দিন আগে সংস্কার করা হয়েছে। চলতি বর্ষায় এর আগেও একবার সড়কটি সংস্কার করা হয়। ১০-১৫ দিনের মাথায় তা-ও বৃষ্টির পানিতে ধুয়ে যায়। এখন গর্তগুলো দিনের পর দিন বড় হচ্ছে। যোগাযোগ করা হলে ভোলা সওজের নির্বাহী প্রকৌশলী সুশীল চন্দ্র সাহা বলেন, বর্ষা মৌসুমে নিরাপদ চলাচলের জন্য ইট-বালি দিয়ে সড়কটি সাময়িকভাবে সংস্কার করা হয়েছিল। তা বৃষ্টিতে ধুয়ে গেছে। শুকনো মৌসুম এলে পাথর-বিটুমিন দিয়ে সড়কটির সংস্কার করা হবে।