সংস্কারের ওপর সংস্কার, অর্থের অপচয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় একটি রাস্তার দুপাশ বর্ধিতকরণ ও খানাখন্দ সংস্কারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের কাজ চলা অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ (সওজ) একই রাস্তা পুনরায় সংস্কারের জন্য ৭০ লাখ টাকার কাজ করাচ্ছে। সওজের এ সিদ্ধান্তকে অনৈতিক ও সরকারি অর্থের অপচয় বলে উল্লেখ করেছেন স্থানীয় এলজিইডির কর্মকর্তারা। সওজের এ কাজকে চ্যালেঞ্জ করে এলজিইডির নিযুক্ত ঠিকাদার বরগুনা সহকারী জেলা জজ আদালতে একটি মামলা করেছেন।এলজিইডি সূত্রে জানা গেছে, দাতা সংস্থা ডানিডার অর্থায়নে গ্রামীণ সড়ক ও অবকাঠামো সংরক্ষণ প্রকল্পের (আরআরএমআইডিপি) আওতায় ২০০৮ সালের ২৫ মে প্রায় দুই কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে বরগুনার চান্দখালী-নিয়ামতি জিসি (গ্রোথসেন্টার) রাস্তার দুপাশ বর্ধিতকরণ ও সংস্কারের দরপত্র আহ্বান করা হয়। বরগুনার ঠিকাদারি প্রতিষ্ঠান জেকি কনস্ট্রাকশন ও আল মামুন এন্টারপ্রাইজ যৌথভাবে চান্দখালী থেকে বেতাগী বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তার উন্নয়নের এ কাজ পায়। ওই দুই প্রতিষ্ঠান ইতিমধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন করে এলজিইডি থেকে এক কোটি ২২ লাখ টাকা বিলও তুলে নিয়েছে। প্রকল্পের বাকি কাজ বর্তমানে চলছে।ঠিকাদারি প্রতিষ্ঠান জেকি কনস্ট্রাকশনের মালিক জুলফিকার আহম্মেদ অভিযোগ করেন, এলজিইডি সোয়া দুই কোটি টাকার প্রকল্পের কাজ যখন সম্পন্ন হওয়ার পথে, ঠিক তখনই ২০০৯ সালের ২৯ জানুয়ারি এক দরপত্র আহ্বানের মধ্যদিয়ে ওই রাস্তায় দুটি গুচ্ছে তিন কিলোমিটার অংশ সংস্কারের (খানাখন্দ মেরামত ও কার্পেটিং) জন্য প্রায় ৭০ লাখ টাকা প্রাক্কলনের দরপত্র আহ্বান করে বরগুনা সওজ বিভাগ। তিনি বলেন, বর্তমানে আমার সংস্কার করা রাস্তার ওপর শুধু বিটুমিন দিয়ে ঢালাই দিচ্ছে সওজের নিযুক্ত ঠিকাদারেরা।এলজিইডির একটি সূত্র জানায়, পুরো রাস্তাটির খানাখন্দ তাদের নিযুক্ত ঠিকাদারেরা মেরামত করেন। অথচ সেই মেরামতের কাজও সওজের চলমান কাজের আওতায় নিয়ে প্রাক্কলন তৈরি করা হয়েছে।এলজিইডি সূত্র আরও জানায়, চান্দখালী-বেতাগী রাস্তাটি ২০০৬ সালে এলজিইডির রাস্তা হিসেবে আওতাভুক্ত হয়। নিয়মানুযায়ী এলজিইডি বা অন্য কোনো বিভাগের আওতাভুক্ত রাস্তায় অন্য কোনো বিভাগ উন্নয়নকাজ করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট বিভাগ থেকে লিখিত অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে এলজিইডির কাজ থেকে সওজ কর্তৃপক্ষ কোনো মৌখিক অনুমতিও নেয়নি।সওজের বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, তাঁরা যথাযথ প্রক্রিয়ায় এই দরপত্র আহ্বান করেছেন। কর্মকর্তারা দাবি করেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের রাস্তাটি মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। তার ওপর ভিত্তি করেই আমরা ওই রাস্তায় সংস্কারের কাজ করাচ্ছি। সমপ্রতি এলজিইডির নির্বাহী প্রকৌশলী একটি চিঠি দিয়ে রাস্তার কোন অংশে সংস্কারকাজ করা হচ্ছে শুধু সেটুকু জানতে চেয়েছেন।সরেজমিনে গিয়ে গত সোমবার চান্দখালী-বেতাগী রাস্তার চান্দখালী ও কাউনিয়া এলাকায় গিয়ে দেখা গেছে, সওজের নিযুক্ত ঠিকাদারের লোকজন রাস্তায় বিটুমিনের প্রলেপ দেওয়ার কাজ করছেন।এলজিইডি, বরগুনার সহকারী প্রকৌশলী আবদুস সাত্তার বলেন, ডানিডার অর্থায়নে এই রাস্তায় খানাখন্দ মেরামত ও দুই পাশ বর্ধিত করেছি। সেখানে নতুন করে সওজ সংস্কারকাজ করাতে শুরু করলে আমরা চিঠি দিয়ে বিষয়টি জানতে চেয়েছি। তিনি বলেন, যথাযথ নিয়ম অনুসরণ করেই ওই রাস্তাটি ২০০৬ সালে এলজিইডিকে হস্তান্তর করা হয়েছে। তারপর নতুন করে এই রাস্তা সওজকে দেওয়ার কোনো চিঠিপত্র আমরা পাইনি। সওজ সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে এ রাস্তায় সংস্কার করাচ্ছে। আর আমাদের করানো কাজের ওপর পুনরায় কাজ করিয়ে (ওভারলেপিং) সরকারি অর্থের অপচয় করার কোনো যুক্তি নেই।