সংস্কারের খবর নেই, গাছ পুঁতে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস ধরে কিশোরগঞ্জ শহরের নগুয়া সড়কের কাজ বন্ধ রয়েছে। এতে শহরের ১০টি মহল্লার ৩০ হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিন মাস আগে সড়ক উন্নয়নের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তায় গাছ পুঁতে যান চলাচল বন্ধ করায় এ সড়কে রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ ধরে নগুয়া সড়কটি চলাচলের অনুপযোগী। সড়কটি মেরামত ও সংস্কারের জন্য এলাকাবাসী নানা কর্মসূচি পালন করে। আন্দোলনের পর স্থানীয় সরকারমন্ত্রী সড়কটি পুনঃ সংস্কারের জন্য ৯০ লাখ টাকা বরাদ্দ দেন। গত বছরের অক্টোবরে পৌর কর্তৃপক্ষ দরপত্র আহ্বান করে। মেসার্স বেলাবো কনস্ট্রাকশন কাজটি পায়। গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে কার্যাদেশ দেওয়া হয়। তারা সড়কের দুই দিকে গাছ পুঁতে রাস্তা বন্ধ করে প্রথমে নালা নির্মাণ শুরু করে। কয়েক দিন কাজ করার পর কাজের গতি কমিয়ে দেয় ঠিকাদারের লোকজন। এ অবস্থায় দুই মাসে প্রকল্পের মাত্র ১০ ভাগ কাজ সম্পন্ন হয়। এরপর এক মাস ধরে কোনো কাজ না করে ঠিকাদারের লোকজন লাপাত্তা হয়ে যায়। অথচ কাজটি তিন মাসের মধ্যে শেষ করার কথা ছিল।বেলবো কনস্ট্রাকশনের ব্যবস্থাপক মো. খালেদ শামস্ বলেন, ‘তহবিল সংকট থাকায় এবং রিভাইসড্ এস্টিমেট (দরপত্র পুনর্বিন্যাস) আবেদন করেছি। তা না হলে কাজ করলে আমাদের আর্থিক ক্ষতি হবে। তাই আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।’ তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলেন, অর্থ ও দরপত্র পুনর্বিন্যাসের কোনো ঘাটতি পৌর কর্তৃপক্ষের নেই। অর্থ ও দরপত্রের বিষয়টি অবশ্যই পৌর কর্তৃপক্ষ বিবেচনা করবে।সরেজমিনে দেখা গেছে, সড়কে রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় এতিমখানা সড়ক, হোসেনপুর সড়ক, নগুয়া বাসস্ট্যান্ড সড়ক, পাকুন্দিয়া সড়ক, হয়বতনগর সড়ক, বত্রিশ সড়ক ও বিশ্বরোড এলাকার হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যেতে হচ্ছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল হক জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে মৌখিকভাবে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। পৌর মেয়র আবু তাহের মিয়া জানান, ‘কয়েক দিন অপেক্ষা করব, তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’