সংস্কারের চার কোটি টাকা পানিতে!
রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কটি চার কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষ হতে না হতেই কার্পেটিং উঠে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে, বেশি বৃষ্টির কারণে এমন হচ্ছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭-০৮ অর্থবছরে বন্যা পুনর্বাসন তহবিলের ৩০ লাখ টাকা ব্যয়ে পুঠিয়া-বাগমারা ২৭ কিলোমিটার সড়কের পুঠিয়া থেকে ১৩ কিলোমিটার সংস্কার করা হয়। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, এই সংস্কারকাজের পরপরই কার্পেটিং উঠে খানাখন্দ তৈরি হয়।গত বছর চার কোটি টাকা ব্যয়ে সড়কটির পুঠিয়া থেকে তাহিরপুর পর্যন্ত সংস্কারকাজ শুরু হয়। ঢাকার আইসিসি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কাজটি পায়। গত বছর ৫ এপ্রিল এর কার্যাদেশ দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, মাস তিনেক আগে ঠিকাদার কাজ শেষ করেন। এরই মধ্যে জায়গায় জায়গায় কার্পেটিং উঠে আবার খানাখন্দ দেখা দিয়েছে।পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের সোহরাব খোকন বলেন, আগেরবার রাস্তা সংস্কারের নামে ব্যয় করা ৩০ লাখ টাকা কয়েক মাসের মধ্যেই ধুলায় মিশে গেছে। এবার আবার একইভাবে রাস্তা সংস্কার করা হয়েছে। তিনি বলেন, মাস তিনেক আগে ঠিকাদার কাজ শেষ করেছেন। এখনই কার্পেটিং উঠে যাচ্ছে। খানাখন্দে পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, এ সড়কের উত্তর প্রান্তে অবস্থিত তাহেরপুর একটি ঐতিহাসিক স্থান। দক্ষিণ প্রান্ত পুঠিয়া বাজার এবং রাজশাহী-ঢাকা মহাসড়কের সঙ্গে সংযুক্ত। তিনি আরও বলেন, রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা ও নাটোরের নলডাঙ্গার প্রায় ১০ লাখ মানুষের চলাচলের একমাত্র সড়কটি সংস্কারের নামে তামাশা চলছেই।আইসিসি লিমিটেডের পক্ষে রাস্তার কাজ করেছেন ঠিকাদার সেলিম রেজা। তিনি বলেন, ‘এবার অনেক বৃষ্টি হয়েছে। রাস্তা ডুবে থাকছে। গত সোমবারও ডুবে থাকা রাস্তার ভিডিওচিত্র ধারণ করে এনেছি।’ তিনি বলেন, ‘এ জন্যই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা নষ্ট হওয়া জায়গাগুলো মেরামত করেছি। এ ছাড়া এখনো আমাদের জামানতের টাকা জমা আছে।’সওজ রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় খোয়া উঠে গেছে। ঠিকাদার আবার এগুলো ঠিক করে দেবেন। এ জন্য কাজের সময় বাড়িয়ে নেওয়ার জন্য তাঁরা চেষ্টা করছেন।