সংস্কারের ছয় মাসেই খানাখন্দ

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড় থেকে হজরত গরিব শাহ সড়কের বিমান কার্যালয় পর্যন্ত এক কিলোমিটার ও চৌরাস্তা মোড়ের ৬৫ মিটার সড়ক সংস্কারের জন্য মোট ৫৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয় হয়েছে। অথচ ছয় মাস না যেতেই দুটি সড়কেই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, দড়াটানা মোড় থেকে চারটি সড়ক চার দিকে চলে গেছে। এর মধ্যে যে দুটি সড়কে সম্প্রতি সংস্কারকাজ করা হয়েছে সেই হজরত গরিব শাহ সড়ক এবং নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কের অবস্থা বেশি খারাপ। দড়াটানা এলাকায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও অন্তত ২০টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক রয়েছে। এ ছাড়া যশোর মেডিকেল কলেজসহ বেশ কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানও সেখানে আছে। সড়কের অবস্থা বেহাল হওয়ায় দড়াটানা, চিত্রা, চৌরাস্তা, উকিল বার মোড়সহ ব্যস্ত বিভিন্ন সড়কে দিনের বেশির ভাগ সময় যানজট লেগেই থাকছে। হজরত গরিব শাহ সড়কের বাসিন্দা ও যশোর পৌর নাগরিক অধিকার আন্দোলন কমিটির আহ্বায়ক মাস্টার নূর জালাল অভিযোগ করেন, নিম্নমানের পাথর, বিটুমিন দিয়ে সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারকাজ করা হয়েছে। ৫১ লাখ টাকা ব্যয়ে গরিব শাহ সড়ক পুনর্নির্মাণের কাজ করা হলেও তা ৫১ দিনও টেকেনি। এর আগেই বিটুমিনের কার্পেটিং উঠে সড়কের অবস্থা বেহাল হয়েছে। অথচ সড়কটি দেখভালের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা সড়কটি ঠিকাদারের কাছ থেকে বুঝে নিলেন। ঠিকাদার ও সওজের কর্মকর্তারা মিলে সড়কটি সংস্কারের নামে টাকা লুটপাট করেছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগ অস্বীকার করে সওজের যশোর বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, টাকা লুটপাটের অভিযোগ সত্য নয়। ওই দুটি সড়কের সংস্কারকাজ করা দুটি ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বনান্তর ট্রেডিং করপোরেশন হজরত গরিব শাহ সড়কের কাজ মাস ছয়েক আগে শেষ করেছে। প্রতিষ্ঠানটির জামানতের ৫ শতাংশ টাকা বাজেয়াপ্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করে একটি চিঠি দেওয়া হয়েছে। আর নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কের কাজ দুই মাস আগে শেষ করেছে ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স। এ প্রতিষ্ঠানটিকে নতুন করে সংস্কারকাজ করে দেওয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে। তারা বর্ষার পরে কাজ করে দেবে বলে আশ্বস্ত করেছে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স বনান্তর ট্রেডিং করপোরেশনের অংশীদার মো. খুরশিদ আলম বলেন, ‘কাজ তো ভালোই করেছিলাম। কিন্তু অতি বর্ষা ও ধারণক্ষমতার বেশি ওজনের ট্রাক চলাচল করার কারণে সড়কটি অচিরেই নষ্ট হয়ে গেছে। তা ছাড়া ওই সড়কে ড্রেনেজ ব্যবস্থাও ভালো না।’ এটিও দ্রুত সড়ক নষ্ট হওয়ার একটি বড় কারণ বলে তিনি দাবি করেন।