সংস্কারের ছয় মাসে বেহাল মহাসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারের কয়েক মাসের মধ্যে বেহাল হয়ে পড়েছে যশোর-খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ। ছবিটি যশোর সদর উপজেলার বকচর এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l এহসান-উদ্‌-দৌলা
সংস্কারের কয়েক মাসের মধ্যে বেহাল হয়ে পড়েছে যশোর-খুলনা মহাসড়কের কয়েক কিলোমিটার অংশ। ছবিটি যশোর সদর উপজেলার বকচর এলাকা থেকে গতকাল বিকেলে তোলা l এহসান-উদ্‌-দৌলা

যশোর শহরের পালবাড়ি-দড়াটানা-মনিহার-মড়ুলি জাতীয় মহাসড়কের ছয় কিলোমিটারের সংস্কার করা হয়েছে ১১ মাস আগে। পৌনে ৭ কোটি টাকা ব্যয় হয়েছে এ সংস্কারকাজে। কিন্তু কাজ শেষের ছয় মাসের মাথায় এক মিলোমিটার সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের মাঝে বড় বড় গর্তের কারণে আবার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ঘটনায় ইতিমধ্যে একজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

এ মহাসড়ক দিয়ে খুলনা ও ঢাকার মধ্যে যানবহন চলাচল করে। ঈদের সময় এ সড়কে যানবাহনের চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

গতকাল শনিবার ওই সড়কে গিয়ে দেখা যায়, বকচর এলাকার র‌্যাব কার্যালয়ের সামনে থেকে মড়ুলি মোড়ের আগ পর্যন্ত অন্তত এক কিলোমিটারের মধ্যে রাস্তা দেবে গেছে। বিটুমিনের রাস্তার এক ফুটের মতো টানা লম্বা গর্ত। দুই দিন ধরে বিটুমিনের ওপর ইট ফেলে গর্ত ভরাট করে রাস্তা চলাচলের উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। এ অংশ দিয়ে যানবাহন চলাচল করছে হেলেদুলে।

ভাঙা রাস্তার কারণে বেলা তিনটার দিকে একটি ভ্যান উল্টে পড়ে যেতে দেখা গেল। ভ্যানের চালক সামান্য জখম হলেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান। দেখা যায়, বকচর, হুসতলা, মসজিদের সামনে, ষষ্টিতলাপাড়াসহ পাঁচটি স্থানে সড়ক বেহাল। এ ছাড়া মনিহার প্রেক্ষাগৃহ-সংলগ্ন এলাকার সড়কেও ফাটল দেখা দিয়েছে।

এ সড়কের পাশে ব্যবসাপ্রতিষ্ঠান বিসমিল্লাহ ট্রেডার্সের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, সংস্কারের আগে রাস্তায় বড় বড় গর্ত ছিল। গত বছর ওই রাস্তা সংস্কার করা হয়। সংস্কারের কয়েক মাসের মধ্যেই আবার বেহাল অবস্থা।

সড়কের দুর্দশা নিয়ে বকচর এলাকার মো. বাপ্পির চায়ের দোকানে বসে কথা হয় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। স্থানীয় বাসিন্দা ও বাসের কাঠামো তৈরির দুজন কারিগর বলেন, নির্মাণের মাত্র ছয় মাসের মাথায় রাস্তার পিচ দেবে গেছে। গত বছর বর্ষা মৌসুমে এ রাস্তার সংস্কার করা হয়। তখন রাস্তায় পিচ ঢালাই দেওয়ার সময় বৃষ্টি হচ্ছিল। যেনতেনভাবে কাজ শেষ করা হয়েছে। সংস্কারকাজে ব্যবহৃত ইট-বালু-পাথর ছিল নিম্নমানের।

এলাকাবাসী জানান, প্রতিদিনই যাত্রী নিয়ে দু-একটি ইজিবাইক উল্টে যাচ্ছে। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ থাকছে না। দেড় মাস আগে এখানে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী নিহত হন।

সংস্কারের পরপরই রাস্তার এ দশা সম্পর্কে জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ যশোরের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সাধারণত সংস্কার বা নির্মাণকাজের পর হস্তান্তরের দিন থেকে দুই বছর পর্যন্ত একটি সড়কের মেয়াদকাল ধরা হয়। কিন্তু সড়কটি মজবুতকরণসহ সংস্কারের পর এক বছরের মধ্যেই কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে গত ১৮ মে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সড়ক সংস্কারকাজের ঠিকাদার মো. মঈনউদ্দীন বাঁশি প্রথম আলোকে বলেন, ‘মহাসড়কের যে অংশটুকু নষ্ট হয়ে গেছে, সে অংশের মাটি খারাপ। ওই মাটির ওপর যতই ভালো কাজ করা হোক না কেন, টিকবে না। সংস্কার করার সময় সওজ বিভাগকে এ অংশ খারাপের কথা জানানো হয়েছিল। কিন্তু ওই ত্রুটির বিষয়ে সওজ কর্তৃপক্ষ তেমন কোনো গুরুত্ব দেয়নি। সওজ বিভাগের ওই ত্রুটির দায়দায়িত্ব ঠিকাদার নেবে কেন? আমাদের চিঠি দেওয়া হয়েছে, কিন্তু আমরা সংস্কার করতে পারব না।’

এ ব্যাপারে আবার জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, সড়কের ভাঙা অংশে ইট ফেলে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল উপযোগী রাখার চেষ্টা করা হচ্ছে। ওই অংশটি কেন বারবার নষ্ট হয়ে যাচ্ছে, তা যাচাই করতে মাটি সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন হাতে এলে নতুন করে রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।