সংস্কারের ছয় মাসেই বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার শহরের পাইকপাড়া এলাকার সড়কের খানাখন্দে জমে আছে পানি। এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার শহরের পাইকপাড়া এলাকার সড়কের খানাখন্দে জমে আছে পানি। এই সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে মেড্ডা পর্যন্ত চার কিলোমিটার সড়কে আবারও সৃষ্টি হয়েছে খানাখন্দ। বৃষ্টিতে সড়কের খানাখন্দে পানি জমে থাকায় লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীনে প্রায় ছয় মাস আগে শহরের প্রধান এই সড়কটির সংস্কারকাজ হয়।
সওজ বিভাগ সূত্রে জানা গেছে, এটি একসময় কুমিল্লা-সিলেট পথের অংশ ছিল। বর্তমানে এটি শহরের প্রধান সড়ক। গত বছরের আগস্টে কাউতলী থেকে মেড্ডা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের দুটি অংশে সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রথম অংশের মধ্যে ছিল কাউতলী মোড় থেকে তোফায়েল আজম রোডের (টিএ রোড) ফকিরাপুল পর্যন্ত। আর দ্বিতীয় অংশে ছিল ফকিরাপুল থেকে মেড্ডা এলাকা।
৩২ লাখ টাকায় সড়কের দুটি অংশের কাজ করে মেসার্স সেতু এন্টারপ্রাইজ ও মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে সড়কের কাজ শুরু হয়। সড়কের ভাঙা অংশ মেরামত করে তাতে সাত মিলিমিটার পুরুত্বের সিলকোট (পিচ-পাথরের প্রলেপ) করে কাজটি করার কথা ছিল।
স্থানীয় অনেকের অভিযোগ, সংস্কারকাজে নিম্নমানের ইট, পাথর, বালু ও বিটুমিন ব্যবহার করা হয়েছে। সাত মিলিমিটার পুরুত্বের সিলকোট দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কোনো রকমে ইট-পাথর দিয়ে তিন-চার মিলিমিটার পুরুত্বের পিচ ঢালাই দেওয়া হয়েছে। সংস্কারকাজের সময় সওজের কোনো কর্মকর্তা কাজের তদারকি করতে আসেননি। এ কারণে সংস্কারের কয়েক মাস যেতে না যেতেই বৃষ্টিতে ইটের খোয়া, পাথর ও বিটুমিন উঠে গেছে।
শহরের টিএ রোড এলাকার ব্যবসায়ী বিল্লাল মিয়া, মাইন উদ্দিন, শুভ রায় বলেন, রাতের আঁধারে সড়কের কাজ করা হয়েছে। নিম্নমানের কাজ করায় কয়েক দিন পরই রাস্তা থেকে পিচের ঢালাই উঠে গর্ত হয়ে গেছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, টিএ রোড ও কুমারশীল মোড় থেকে মেড্ডা পর্যন্ত সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের কুমারশীল মোড়, পাইকপাড়া রামকানাই স্কুল মার্কেটের মোড় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনের অংশে বড় বড় গর্ত রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়ক ডোবার মতো হয়ে যায়।
শহরের পীরবাড়ি এলাকার রিকশাচালক মিলন মিয়া বলেন, ‘শহরের এত বাজে রাস্তা কহনও দেহিনি। ভাঙা রাস্তার কারণে গত সপ্তাহে ১৫০ টেহা হরচ কইরা রিকশাডা ঠিক করছি। রাস্তার করুণ দশার লাইগ্যা মেড্ডার দিকে যাইতাম চাই না।’
সওজ ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার ভট্টাচার্য বলেন, ‘সড়কে কয়েকটা জায়গায় গর্ত রয়েছে, কথাটা সত্য। বৃষ্টি হলেই শহরে পানি জমে থাকে। পানি নিষ্কাশনব্যবস্থা ভালো না থাকলে আপনি যত ভালো কাজই করেন না কেন, কোনো রাস্তাই টিকবে না। আর সংস্কারকাজের সময় সওজের লোক ছিলেন না, কথাটা সত্য নয়। সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীও ব্যবহার করা হয়নি।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সেতু এন্টারপ্রাইজের মালিক সৈয়দ তৈমুরও সড়কের বেহাল দশার জন্য পানি নিষ্কাশনব্যবস্থাকে দায়ী করেছেন। তিনি দাবি করেন, নিয়ম মেনেই তাঁরা কাজ করেছেন। মেসার্স মোস্তফা কামাল এন্টারপ্রাইজের মালিক মোস্তফা কামাল নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন। তিনিও দাবি করেন কাজ সঠিকভাবেই করা হয়েছে।
পাইকপাড়া ও কুমারশীল মোড়সহ ওই সব এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, গর্ত-খানাখন্দ থাকায় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, হাঁটাও কঠিন হয়ে পড়ে। এ কারণে মাঝেমধ্যেই সড়কে যানজট দেখা দিচ্ছে। কলেজশিক্ষক মাহমুদুল হক বলেন, ‘শহরের রাস্তাগুলো নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। কী এমন সংস্কার করল যে কয়েক মাসেই সড়কের বারোটা বেজে গেছে?’