নরসিংদীর পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক সংস্কারের জন্য গতকাল সোমবার প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওই এলাকায় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এ সংস্কারকাজ করে।
সরেজমিনে দেখা গেছে, পাঁচদোনা বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ চত্বর। এটি মহাসড়কের সঙ্গে টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা এবং ডাঙ্গা-পাঁচদোনা সড়কের সংযোগস্থল। এই সংযোগস্থলে গতকাল দুপুর পর্যন্ত সংস্কারকাজ করা হয়। নরসিংদী সওজ কার্যালয় ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চত্বরের উন্নয়নকাজ গত রোববার দিবাগত রাতে শুরু হয়। কাজ রাতেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ না হওয়ায় গতকাল সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত সংস্কারকাজ করা হয়।
এর মধ্যে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। তখন প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পাঁচদোনা থেকে শেখেরচর বাবুরহাট পর্যন্ত (ঢাকার দিকে), পাঁচদোনা থেকে সাহেপ্রতাব (সিলেটের দিকে), পাঁচদোনা থেকে শাকুরার মোড় (ঘোড়াশালের দিকে) গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। পরে মাধবদী থানা, পাঁচদোনা পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়কের একটি অংশ চালু করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বাসের যাত্রী দিলরুবা আক্তার বলেন, ‘এক ঘণ্টার ওপরে যানজটে আটকে আছি। অন্যদিকে তীব্র গরম।’ বাসচালক রহমান মিয়া বলেন, রাস্তার কাজ দিনে করায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
নরসিংদী সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, পাঁচদোনা বাসস্ট্যান্ড চত্বরের উন্নয়নকাজের কিছু অংশ বাকি ছিল, যা রাতে শেষ না হওয়ায় দিনে করতে হয়েছে। পরে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় পুনরায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এখন রাতেই কাজ করতে হবে।