সংস্কারের জন্য ১৬ দিন বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মেঘনা ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা-গোমতী সেতু সংস্কারকাজের জন্য নভেম্বর ও ডিসেম্বর মাসে ১৬ দিন বন্ধ থাকবে।সেতু দুটি মেরামতকালে সব যানবাহনকে কুমিল্লার ময়নামতি দিয়ে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় হয়ে আশুগঞ্জ-ভৈরব ও নরসিংদী দিয়ে ঢাকায় যেতে হবে। একই সঙ্গে ঢাকা থেকে কাঁচপুর দিয়ে নরসিংদী হয়ে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল করবে। মালয়েশিয়া থেকে নির্মাণসামগ্রী এলেই কাজ শুরু হবে। ওই সময়ে জনদুর্ভোগ কমাতে উভয় সেতুর তীরে ফেরি রাখা হবে। এ জন্য মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে প্রচারাভিযান চালানো হবে। গত বুধবার সন্ধ্যায় দাউদকান্দিতে মাশুল ঘরে (টোল প্লাজায়) যোগাযোগ মন্ত্রণালয়ের এক বৈঠকে ওই কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। যোগাযোগসচিব এম এ এন ছিদ্দিকের সভাপতিত্বে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেতু বিভাগের কর্মকর্তা, চার লেন প্রকল্পের কর্মকর্তা, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম প্রমুখ। ঘণ্টাব্যাপী বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছরের ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চার দিন, ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন এবং ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন সেতু দুটির সংস্কারকাজের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকবে। মালয়েশিয়া থেকে নির্মাণসামগ্রী এলেই কাজ শুরু হবে। জানতে চাইলে সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে তিন ধাপে সেতু দুটির সংস্কারকাজ হবে।জানা গেছে, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর পিলারের গোড়া থেকে মাটি সরে গেছে। সেতুর বেয়ারিং ও সম্প্রসারণ সংযোগে (এক্সপানশন জয়েন্ট) সমস্যা দেখা দিয়েছে। স্লাবে সমস্যা রয়েছে। সেতু দুটির বয়স বেশি, তার ওপর মাত্রাতিরিক্ত যানবাহন চলাচল করার কারণে সংস্কারকাজ জরুরি হয়ে পড়েছে।এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, সেতুর বিভিন্ন যন্ত্রপাতি ও নির্মাণসামগ্রী মালয়েশিয়া থেকে আনা হচ্ছে। যত তাড়াতাড়ি নির্মাণসামগ্রী আসবে, তত তাড়াতাড়ি কাজ শুরু হবে। কর্মপরিকল্পনা সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।