রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়ক গত তিন বছর আগে প্রায় চার কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়। কিন্তু কাজ শেষের তিন মাসের মধ্যেই কার্পেটিং উঠে যায়। সৃষ্টি হয় খানাখন্দের। গুরুত্বপূর্ণ এই সড়ক এখন যানবাহন চলাচলের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। বিপদ এড়াতে গণ্ডগোহালী গ্রামে সড়কের মাঝখানে একটি কলাগাছ পুঁতে দেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ১৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি মাত্র তিন বছর আগে সংস্কার করা হয়। প্রায় চার কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের মাঝামাঝি ঢাকার আইসিসি লিমিটেডের পক্ষে কাজটি করেন ঠিকাদার সেলিম রেজা ওরফে রতন। কাজ শেষ করার মাস তিনেকের মধ্যেই কার্পেটিং উঠে যায়। সেই সময় ঠিকাদার প্রথম আলোকে বলেছিলেন, কাজ করার পর অতিরিক্ত বৃষ্টির কারণে রাস্তার ক্ষতি হয়েছে।
এরপর সড়কের আর কোনো মেরামত করা হয়নি। এর আগে ২০০৭-০৮ অর্থবছরে বন্যা পুনর্বাসন তহবিলের ৩০ লাখ টাকা ব্যয় করে রাস্তাটির পুঠিয়া থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত সংস্কার করা হয়। স্থানীয় অনেকে অভিযোগ করেন, সংস্কারকাজ করার পরপরই তা উঠে যায়।
২০০৪ সালে জেলা সড়কের প্রথম পর্যায়ের উন্নয়নমূলক খাতের আওতায় সড়কটির উন্নয়নের জন্য ১৩ কোটি ৭২ লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়। পুঠিয়া-দুর্গাপুরের বিএনপিদলীয় তৎকালীন সাংসদ নাদিম মোস্তফা এর নির্মাণকাজের উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই কাজ আর হয়নি।
১৯৭৪ সালে প্রথম রাস্তাটিতে ইট বিছানো (হেরিংবন্ড) হয়। ১৯৮৫ সালে বিটুমিন ও ইট-খণ্ড দিয়ে কার্পেটিং করা হয়। স্থানীয় লোকজনের অভিযোগ, কোনো দিনই গুরুত্বপূর্ণ এই সড়ক যানবাহন চলাচলের উপযোগী করা হয়নি।
সম্প্রতি সড়কের মাঝখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে পড়ে প্রায়ই গাড়ি আটকে যায়। দুর্ভোগে পড়ে মানুষ। গত শনিবার সরেজমিনে দেখা যায়, গণ্ডগোহালী গ্রামে সড়কের মাঝখানে গর্তে একটি কলাগাছ পুঁতে দেওয়া হয়েছে। স্থানীয় লোকজন জানান, ওপরে কাদা থাকায় বোঝা যাচ্ছে না, সেখানে গভীর খাদ রয়েছে। তাই কয়েক দিন আগে গ্রামের সিয়াম নামে ১০ বছরের একটি শিশু সেখানে কলাগাছটি পুঁতে দিয়েছে। এখন কলাগাছ দেখেই গাড়ির চালকেরা আন্দাজ করেন, সেখানে হয়তো বড় গর্ত রয়েছে।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, এই সড়কের উত্তর প্রান্তে অবস্থিত তাহেরপুর একটি ঐতিহাসিক স্থান। দক্ষিণ প্রান্ত পুঠিয়া বাজার এবং রাজশাহী-ঢাকা মহাসড়কের সঙ্গে যুক্ত হয়েছে। তাহেরপুর উত্তরাঞ্চলের একটি বড় হাট। তিনি আরও বলেন, রাজশাহীর দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা ও নাটোরের নলডাঙ্গা এলাকার প্রায় ১০ লাখ মানুষের চলাচলের একমাত্র সড়কের সংস্কারের নামে এই তামাশা চলছেই।
সড়কটির সর্বশেষ সংস্কারের সময় রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ছিলেন রবিউল ইসলাম। তিনি বর্তমানে পটুয়াখালীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী। যোগাযোগ করা হলে তিনি বলেন, যে সময় সংস্কারকাজ শেষ হচ্ছিল, তখন তিনি রাজশাহীতে যোগ দিয়েছিলেন।
এ ব্যাপারে কথা বলার জন্য বর্তমান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।