সংস্কারের তিন বছর পরই বেহাল সড়ক
নির্মাণকাজ শেষ হওয়ার তিন বছর পরই সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়কের বিশাল একটি অংশে আবার খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুই উপজেলার ৫০ হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় লোকজনের অভিযোগ, নিম্নমানের কাজ করায় পিচঢালাই উঠে গিয়ে সড়কটির এই অবস্থা হয়েছে।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তারা বলেন, সুনামগঞ্জ-দোয়ারাবাজার-ছাতক সড়কের দৈর্ঘ্য ২৮ কিলোমিটার। পুরো সড়কটি একসময় এলজিইডির অধীনে ছিল। তিন বছর আগে এলজিইডি ৬৩ কোটি টাকা ব্যয়ে সড়কের ১৮ কিলোমিটার অংশের কাজ করে। এখন ওই অংশটি সওজের আওতায় চলে গেছে। তিন বছর আগে সড়কের ছাতক অংশের ১০ কিলোমিটারের কাজ হয়নি। এখন এলজিইডির অধীনে ওই অংশের কাজ হচ্ছে। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষ এই রাস্তা দিয়ে সুনামগঞ্জ জেলা শহরে যাতায়াত করে।
সরেজমিনে গত বৃহস্পতিবার দেখা গেছে, তিন বছর আগে নির্মিত সুনামগঞ্জ শহর থেকে দোয়ারাবাজার উপজেলার কাঠাখালী এলাকা পর্যন্ত সড়কের অবস্থা বেশি খারাপ। কোনো কোনো স্থানে সড়কের পিচঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে বৃষ্টির কাদাপানি জমে আছে। এলাকাবাসী বলেন, ছাতক অংশের ১০ কিলোমিটারের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এই সড়ক দিয়ে বাস চলাচল শুরু হয়নি। লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশাই বেশি চলাচল করে। যখন বাস চলাচল শুরু হবে, তখন এই রাস্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
সড়কের কাঠাখালী এলাকার বাসিন্দা আজমল হোসেন বলেন, এক বছর ধরে সড়কের বেহাল দশার কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। জালালপুরের বাসিন্দা আহাদ আলী বলেন, ‘কিতা সড়ক বানাইল তিন বছরও গেল না। মনে হয় কাজ দুই নম্বর অইছে। না অইলে তো অত তাড়াতাড়ি নষ্ট অওয়ার কতা না।’ এই সড়কের লেগুনাচালক আফতাব মিয়া বলেন, সড়কের কাজ হওয়ার পর এক বছর শান্তিতে গাড়ি চালানো গেছে। এখন অবস্থা খুবই খারাপ। ছাতক যেতে যেখানে এক ঘণ্টা সময় লাগার কথা, এখন সড়কের কারণে দুই ঘণ্টা সময় লাগে।
ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান বলেন, নিম্নমানের কাজ হওয়ার কারণেই সড়ক টিকছে না। এখানে কর্তৃপক্ষ-ঠিকাদার সবারই গাফিলতি আছে।
এলজিইডির দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী মো. ফজলুর রহমান বলেন, এখন এলজিইডির তত্ত্বাবধানে ছাতকের আন্ধারিগাঁও থেকে ছাতক শহর পর্যন্ত অংশের কাজ হচ্ছে। সড়কের বাকি ১৮ কিলোমিটার সওজের অধীনে চলে গেছে। নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সুনামগঞ্জ বৃষ্টিপ্রবণ এলাকা। অতিবৃষ্টির কারণে এখানে বিটুমিনের কাজ বেশি দিন টেকে না।
সওজ সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেছেন, ১৮ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ছয় কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে সড়কের কাজ হবে।
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ‘জেলা শহরে যাতায়াতের জন্য আমাদের রাস্তা একটাই। বারবার বলার পরও সংস্কারকাজ হয়নি। এখন শুনছি, কাজের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।’