সংস্কারের তিন মাসেই খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের তিন মাসের মধ্যেই ফের খানাখন্দে ভরে গেছে। ছবিটি রাজবাড়ী শহরের বসুন্ধরা সিনেমা হলের সামনে থেকে গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক সংস্কারের তিন মাসের মধ্যেই ফের খানাখন্দে ভরে গেছে। ছবিটি রাজবাড়ী শহরের বসুন্ধরা সিনেমা হলের সামনে থেকে গত বুধবার দুপুরে তোলা l প্রথম আলো

সদর উপজেলায় তিনটি প্রকল্পে প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ হয়। এতে ব্যয় হয় ১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের রাজবাড়ী সদর উপজেলার অংশে তিন মাস আগে সংস্কারকাজ শেষ হয়েছে। তবে এরই মধ্যে ফের সেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। জোড়াতালি দিয়ে কাজ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফের দুর্ভোগে পড়েছে যাত্রী ও পথচারীরা।
রাজবাড়ী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলায় তিনটি প্রকল্পে প্রায় এক কিলোমিটার সড়কের সংস্কারকাজ হয়। এতে ব্যয় হয় ১ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে পাবলিক হেলথ মোড়ে ২০০ মিটার সংস্কারে সাড়ে ৪২ লাখ টাকা, কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম ও চন্দনী ইউনিয়ন পরিষদ ভবনের পূর্ব দিকে সেতুর দুই পাশে মোট ৩৭৮ মিটারে ৪০ লাখ এবং গোয়ালন্দ মোড় থেকে শ্রীপুর বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ৩৮ লাখ টাকা ব্যয় হয়। স্টেডিয়াম ও চন্দনী সেতুর দুই পাশের সংস্কারকাজের দায়িত্ব পায় কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস এন্টারপ্রাইজ। বািক কাজের দায়িত্ব পায় মেসার্স মুস্তাফিজুর রহমান শরীফ। গত বছরের ডিসেম্বরে সড়কের সংস্কারকাজ শুরু হয়, শেষ হয় গত এপ্রিলে।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, স্টেডিয়ামের সামনের সড়কের কাজ দীর্ঘদিন ফেলে রাখা হয়। এর প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। পরে কার্পেটিংয়ের কাজ শেষ করা হয়। কিন্তু বিভিন্ন স্থানে বিটুমিন উঠে খানাখন্দ সৃষ্টি হওয়ায় কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে ফের কার্পেটিং করা হয়। এরপর অন্তত চারবার বিটুমিন দিয়ে খানাখন্দ ভরাট করা হয়েছে। সংস্কারকাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যে প্রায় সব কার্পেটিং উঠে গেছে। সড়কে আগের মতোই অসংখ্য গর্ত তৈরি হয়েছে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ মোড়, কল্যাণপুর, স্টেডিয়াম এলাকায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের সামনের সড়কে বৃষ্টির পানি জমে আছে। বসুন্ধরা সিনেমা হলের সামনে বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো গর্তটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। চলন্ত যানবাহনের চাকায় গর্তের পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হচ্ছে।

সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা অভিজিৎ সোম বলেন, রাস্তার এই অংশের কাজ জোড়াতালি দিয়ে শেষ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে ঠিকই বিলের টাকা তুলে নিয়েছে। মাঝখান থেকে আগের মতোই দুর্ভোগ পোহাচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

 বাসচালক সজীব বিশ্বাস বলেন, কিছুদিন আগে রাস্তার কাজ শেষ হয়েছে। কিন্তু পিচ উঠে গিয়ে রাস্তাটি বেহাল। দেখভালের কেউ নেই। খানাখন্দের কারণে গাড়ির যন্ত্রাংশ দ্রুত বিকল হয়ে যাচ্ছে। যাত্রীদের গালমন্দ শুনতে হচ্ছে।

তবে ঠিকাদারি দুই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রেজাউল করিম ও মুস্তাফিজুর রহমান শরীফ দাবি করেন, কাজের মান কোথাও খারাপ হয়নি। সড়কের ওপরের অংশে সংস্কারকাজ করা হয়েছে। রাস্তা দিয়ে পাথর নেওয়ার জন্য ভারী যানবাহন চলাচল করছে। এতে অনেক স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে।

সংস্কারকাজের দেখভালের দায়িত্বে থাকা সওজের উপবিভাগীয় সহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, দুপাশের দোকানগুলো রাস্তা থেকে বেশি উঁচুতে। এতে রাস্তায় পানি জমে যায়। এ কারণে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়।

সওজের বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার রুমি বলেন, দপ্তর থেকে কাজ বুঝে নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হয়নি। রাস্তায় পানি জমে বিটুমিন উঠে গিয়ে এবং ভারী যানবাহন চলাচল করায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।