সংস্কারের তিন মাসেই ফের গর্ত, খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভার প্রধান সড়কটি সংস্কারের তিন মাস যেতে না যেতেই বেশির ভাগ অংশের কার্পেটিং ওঠে গেছে। সরে গেছে ইট, বালি ও খোয়া। এতে এই সড়ক দিয়ে চলাচলকারী স্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ জনসাধারণকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। মতলব পৌরসভা কার্যালয় সূত্র জানায়, শহরের মতলব ডিগ্রি কলেজ ফটক থেকে পৌর বাজারের রিকশাস্ট্যান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সড়কটির সংস্কারের জন্য ২০১১ সালের ৩ মে দরপত্র আহ্বান করা হয়। গত ফেব্রুয়ারিতে কার্যাদেশ দেওয়ার পর মে মাসে মেসার্স এমরান হোসেন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারকাজ শুরু করে। কাজ শেষ হয় ২৭ মে। এ কাজে ব্যয় হয় ১৯ লাখ ১১ হাজার টাকা। নবকলস এলাকার বাসিন্দা আইনুন নাহার কাদরী অভিযোগ করে বলেন, কার্যাদেশ মোতাবেক কাজ হয়নি। নিম্নমানের ইট, সুরকি ব্যবহার করা হয়েছে। বিটুমিন কম দেওয়া হয়েছে। এক ইঞ্চি উচ্চতার কার্পেটিংয়ের স্থলে দেওয়া হয়েছে আধা ইঞ্চি উচ্চতার কার্পেটিং। এ ছাড়া কার্যাদেশে এক কিলোমিটার সড়ক সংস্কারের কথা থাকলেও বাস্তবে করা হয়েছে অর্ধেক। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি।পৌরসভার কলাদী এলাকার বাসিন্দা কলেজশিক্ষক তৌহিদুল আলম বলেন, এটি পৌরসভার প্রধান সড়ক। এ পথে প্রতিদিন দুটি কলেজ, দুটি উচ্চবিদ্যালয় এবং দুটি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীকে আসা-যাওয়া করতে হয়। অথচ সংস্কার করতে না করতেই রাস্তাটির এই করুণ চিত্র। মতলব ডিগ্রি কলেজের ছাত্রী রিজওয়ানা মিতি বলেন, ‘খানাখন্দে ভরা এ রাস্তায় কলেজে আসা-যাওয়া করতে আমাদের প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে।’ ‘এনো গাড়ি ঢুকলেই ঠেক্কর ঠেক্কর ঝাঁকুনি। বড় বড় গর্ত দিয়া গাড়ি চালানোর সোম শইল্যের কিছু থাহে না। তবু ঝুঁকি নিয়াই গাড়ি চালান লাগে। এইডা রাস্তা না ছাই?’ বলেন অটোরিকশা চালক ফারুক গাজী।ব্যবসায়ী জুবায়ের আহমেদ জানান, রাস্তার পাশে নালা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি আটকে যায়। কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হওয়ায় এ পথে চলাফেরা ঝুঁকিপূর্ণ পড়েছে।সরেজমিনে দেখা যায়, রাস্তার বেশির ভাগ অংশেই কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দেবে গেছে কিছু অংশ। রাস্তা থেকে সরে গেছে ইট, বালু ও খোয়া। গর্তে আটকে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা মিলে কাদার সৃষ্টি হয়েছে। মতলব পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল বলেন, ‘কাজ চলাকালে নিম্নমানের কাজের ব্যাপারে কেউ আমার কাছে অভিযোগ করেননি। নিয়ম মোতাবেক সব কিছু হয়েছে।’ পৌরসভার মেয়র এনামুল হক বলেন, নালা না থাকায় বৃষ্টির পানি আটকে এ সড়কের বেহাল অবস্থা হয়েছে।