সংস্কারকাজ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৮৫টি শৌচাগারের বেহাল দশা হয়েছে। এ কারণে রোগী ও তাদের স্বজনদের এসব শৌচাগার ব্যবহারে চরম বিড়ম্বনা পোহাতে হচ্ছে। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা এই বিড়ম্বনার কথা স্বীকার করে এ জন্য গণপূর্ত বিভাগকে দোষারোপ করেছেন।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের শৌচাগারগুলোয় পানি উপচে পড়ছে। কোনো কোনো শৌচাগারের পানির কল নষ্ট। হূদরোগ ওয়ার্ডে চিকিৎসাধীন একজন রোগীর স্বজন শিল্পী বেগম গত সোমবার বলেন, বাথরুমে যেকোনো সময় রোগী পা পিছলে পড়ে যাওয়ার একটা ভয় থেকে যায়। তা ছাড়া বাথরুমগুলোয় সব সময় পানি জমে থাকে, কাপড়চোপড় নষ্ট হয়।রংপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আজমল হোসেন বলেন, এত টাকা খরচ করে বাথরুমগুলো সংস্কার করা হলো। কিন্তু এক মাস যেতে না যেতেই এগুলো আবার আগের অবস্থায় ফিরেছে। তা হলে এত টাকা খরচ করেই কী হলো?হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের ২২টি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের জন্য ১১০টি শৌচাগার রয়েছে। এর মধ্যে চলতি বছর জুনে ১৭টি ওয়ার্ডের ৮৫টি শৌচাগার সংস্কারে প্রায় ১৭ লাখ টাকা ও পয়ঃনিষ্কাশন লাইন মেরামত বাবদ সাড়ে ছয় লাখ টাকা খরচ করা হয়। কিন্তু এগুলো কতটুকু সংস্কার হয়েছে তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রশ্ন তুলেছে। সূত্র আরও জানায়, হাসপাতালে ঝাড়ুদারের ১৩৫টি পদের মধ্যে ৫৩টি শূন্য। ৮২ জন ঝাড়ুদার দিয়ে শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হয়ে উঠছে না।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার শয্যা রয়েছে। এখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে গড়ে দেড় হাজার। রোগীর স্বজন মিলে হাসপাতালে থাকা লোকের সংখ্যা দাঁড়ায় প্রতিদিন গড়ে চার থেকে পাঁচ হাজার। হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোস্তফা বলেন, হাসপাতালের পুরো ভবন সংস্কারের দায়িত্ব গণপূর্ত বিভাগের। সংস্কার করার এক মাসের মধ্যেই বাথরুমগুলোর দুরবস্থা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে।হাসপাতালের দায়িত্বে নিয়োজিত গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল হাসান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেই এসব কাজ করা হয়েছে। জনগণের সচেতনতার অভাবে শৌচাগারগুলোর বেহাল দশা দূর হচ্ছে না।