
দীর্ঘদিন বেহাল থাকার পর ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শিকদারহাট সেতু থেকে কৈখালী বাজার পর্যন্ত সড়কের সংস্কারকাজ চলতি বছরের জুনে শেষ হয়। তবে তিন মাসের মধ্যেই সাড়ে তিন কিলোমিটার সড়কটির অন্তত ২০টি স্থানে পিচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের।
এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজে অনিয়ম-দুর্নীতির কারণে অল্প দিনের মধ্যে সড়কে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আবারও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা যায়, সাড়ে তিন কিলোমিটারের এ সড়ক সংস্কারের জন্য ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি বছরের ২৮ জানুয়ারি মেসার্স ইসলাম ব্রাদার্স ও জোবায়েদা এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। গত জুনে সংস্কারকাজ শেষ হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, শিকদারহাট বাজার থেকে কৈখালী বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মালেক খানের বাড়ির সামনের সড়কের দুটি স্থানে গর্ত হয়ে গেছে। এ ছাড়া আবদুল হামিদ চৌকিদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের বাড়ির সামনে ও ইউনুস খানের দোকানের সামনে পিচ ও খোয়া উঠে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। এদিকে শিকদারহাট বাজারসংলগ্ন লোহার সেতুটির রেলিং ভেঙে গেছে। ঝুঁকি নিয়ে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে।
উত্তর চেঁচরী গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদার ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। তিনি বলেন, মোটরসাইকেলের চাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে এ সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে।
একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক অভিযোগ করেন, ‘পাঁচ বছর ধরে ভোগান্তির মধ্যে ছিলাম। তিন মাস আগে কোনো রকমে সড়কটি সংস্কার করা হয়। এরই মধ্যে বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। জরুরি ভিত্তিতে সড়কটি আবার সংস্কার করা না হলে ফের খানাখন্দের সৃষ্টি হবে।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্সের স্বত্বাধিকারী মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘কাজটি আমার প্রতিষ্ঠান পেয়েছিল। কিন্তু এটি বাস্তবায়ন করেছে অন্য আরেকটি প্রতিষ্ঠান। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে জানাব।’ জোবায়েদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুজ্জামানের মুঠোফোনে গতকাল মঙ্গলবার ফোন দিলে তিনি বলেন, কাজটি বাস্তবায়ন করেছেন শাহীন নামের এক ঠিকাদার। এ ব্যাপারে শাহীনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সড়কের যে অংশ ভাঙাচোরা ওই অংশের কাজ করেছেন মতিউর রহমান নামের এক ঠিকাদার। মতিউর রহমানের কোনো ফোন নম্বর না পাওয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
এলজিইডির ঝালকাঠি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার প্রথম আলোকে বলেন, ‘বর্ষা মৌসুমে ঠিকাদার সড়কের সংস্কারকাজ করায় কয়েকটি স্থানের পিচ উঠে গেছে। ঠিকাদারের বিল বন্ধ রেখেছি। আবার সংস্কার করার পর বিল দেওয়া হবে।’