সংস্কারের তিন মাসের মাথায় ছাদে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জংশন দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনের টার্মিনাল ভবন সংস্কারের তিন মাসের মাথায় ছাদে ফাটল দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে।
রেলওয়ের কর্মকর্তা সূত্র জানায়, ব্রিটিশ আমলে নির্মিত পার্বতীপুর রেলস্টেশনটি জরাজীর্ণ হয়ে পড়ায় ২০১৩ সালে এর টার্মিনাল ভবনের ছাদ ভেঙে সংস্কারকাজ শুরু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন এন্টারপ্রাইজ সংস্কারের পর চলতি বছর জুনে স্টেশন কর্তৃপক্ষকে ভবনটি হস্তান্তর করে। প্রতিষ্ঠানটি টার্মিনাল ভবনের ৩০০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট চওড়া ছাদটি ভেঙে রড-সিমেন্ট দিয়ে নতুন ছাদ ঢালাই করে। কিন্তু হস্তান্তরের তিন মাসের মাথায় ওই ছাদে ফাটল দেখা দেয়। আর ফাটল দিয়ে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে ভবনের ভেতর। এতে দৈনন্দিন কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।
পার্বতীপুর রেলওয়ে বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলাম জানান, নতুন ছাদে এভাবে ফাটল ধরার কথা নয়। কেননা সার্বক্ষণিক তদারকিতে ভবনটির সংস্কার হয়েছে।
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মাহবুবুল হক বলেন, কাজে কোনো ত্রুটি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।