সড়ক সংস্কারের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ-সোনাইমুড়ী যাত্রাপথে বাসমালিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। গত মঙ্গলবার বিকেল থেকে এ কর্মসূচি চলছে। বাসমালিকেরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রামগঞ্জ বাস টার্মিনাল থেকে ওই যাত্রাপথে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হবে।বাস চলাচল বন্ধ থাকায় গতকাল বুধবার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিস-আদালতের কর্মচারীসহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের প্রায় আট কিলোমিটার অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এই যাত্রাপথ এখন যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করতে হয়। প্রায়ই দুর্ঘটনা ঘটে।বলাকা পরিবহনের ব্যবস্থাপক মো. ফরিদ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে রামগঞ্জ-সোনাইমুড়ী যাত্রাপথের ওই অংশের সংস্কারের জন্য দাবি জানিয়ে আসছি। কিন্তু কোনো কাজ হয় না। এ জন্য আপাতত এই যাত্রাপথে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।’সড়ক ও জনপথ বিভাগের (সওজ) রায়পুরের নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান মোল্লা বলেন, ওই রাস্তা সংস্কারের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই কাজ শুরু হবে।