সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনেও সংস্কারের উদ্যোগ না নেওয়ায় গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। অবরোধ চলাকালে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে শত শত মানুষ। এ কারণে ৪২ কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন স্থানে আটকা পড়ে বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ শত শত যানবাহন। দুর্ভোগে পড়ে যাত্রীরা।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সকালে মিয়া রাস্তার মাথা নামক স্থানে অবরোধ কর্মসূচি শুরু করে স্থানীয় বাসিন্দারা। এরপর ভবানীগঞ্জ, চৌরাস্তা, পিয়ারাপুরসহ বিভিন্ন স্থানে সড়কসংলগ্ন আশপাশের এলাকার বাসিন্দারা অবরোধ পালনে এগিয়ে আসে।অবরোধ প্রসঙ্গে লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল কবির প্রথম আলোকে বলেন, ‘এই সড়কের অবস্থা খুবই করুণ। ডিউটি করার সময় এই সড়ক দিয়ে যেতে খুব কষ্ট হয়। পুলিশের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়েছে। কিন্তু অবরোধকারীদের থামানো যায়নি।’রামগতি-লক্ষ্মীপুর রুটে চলাচলকারী মিশু পরিবহনের চালক আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে আছে। রাস্তায় বড় বড় গর্তের কারণে ইঞ্জিনের সমস্যা দেখা দেয়। নতুন টায়ারও কয়েক দিন পর নষ্ট হয়ে যায়। আজকের (গতকাল) অবরোধ আমরা সমর্থন করি।’মিয়া রাস্তার মাথা এলাকার বাসিন্দা এম কে সাগর বলেন, ‘এর আগেও দুবার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী অবরোধ করেছে। প্রতিবারই স্থানীয় প্রশাসন সংস্কারের আশ্বাস দিয়েছে। এসব আশ্বাসের পর দীর্ঘদিনেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। একরকম বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।’সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তোফায়েল আহম্মদ বলেন, ‘রাস্তার অবস্থা খুবই করুণ। কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া আমাদের কিছুই করার নেই। মঙ্গলবার এই সড়ক সংস্কারে ১৬ কোটি টাকার দরপত্র গ্রহণের কথা ছিল। কিন্তু তা পেছানো হয়েছে। ৩১ জানুয়ারি ঢাকা সড়ক ভবনে দরপত্র গ্রহণ করা হবে।’লক্ষ্মীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের বলেছি, সড়কের যে অংশ বেশি খারাপ, সেই অংশে সাময়িক সংস্কার ও গর্ত ভরাটের কাজ শুরু হবে। এই কাজ বৃহস্পতিবার (আজ) থেকেই শুরু হবে।’মুজিবুর রহমান বলেন, লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার সড়ক সংস্কারের জন্য ৩১ জানুয়ারি দরপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।