দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ সড়ক বাস চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের দাবিতে বাসমালিকেরা আজ বুধবার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন।মতলব এক্সপ্রেসের মালিক হাজী তোফাজ্জল হোসেন গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোকে বলেন, ‘এ সড়কে বাস চালিয়ে মালিকদের প্রতিদিন লোকসান গুনতে হয়। তাই অন্য বাসমালিকদের সঙ্গে আলোচনা করে আগামীকাল (আজ) থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’কুমিল্লার সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, পেন্নাই-মতলব-বাবুরহাট সড়কের দৈর্ঘ্য ৪৩ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ২১ কিলোমিটার অংশ অত্যধিক ঝুঁকিপূর্ণ ও খানাখন্দে ভরা। সংস্কারের অভাবে এ সড়কের বিভিন্ন স্থানে পিচের ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এ সড়কটি সংস্কার, সেতু-কালভার্ট নির্মাণ, প্রশস্তকরণ, জমি অধিগ্রহণ ও বাঁক সোজা করার জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ পেয়ে ১২ কিলোমিটার সড়ক সম্পূর্ণ এবং সাড়ে নয় কিলোমিটার আংশিক, একটি সেতু ও তিনটি কালভার্ট সম্পূর্ণ, দুটি সেতুর আংশিক কাজ শেষ করার পর টাকা না পাওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেয়।সরেজমিনে দেখা গেছে, ওই সাড়ে ২১ কিলোমিটার সড়কের বেশির ভাগই অংশে বড় বড় গর্ত। একাধিক বাসচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই কোনো না কোনো যান বিকল হয়। এ বেহাল সড়কে বাস চালাতে গিয়ে তাঁরা অতিষ্ঠ। বিকল যানবাহনের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম বলেন, বৃষ্টির কারণে বিটুমিনের কাজ করা যাচ্ছে না। বৃষ্টি শেষ হলে ঢালাইয়ের কাজ শুরু হবে।