
নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে গতকাল রোববার মানববন্ধন করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
দুর্গাপুরের সচেতন নাগরিক সমাজের আহ্বানে ওই কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুর্গাপুর প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী পরিষদ, সাংবাদিক ফোরাম, মানবাধিকার পরিষদ, উদীচী, আদিবাসী ফোরাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এমপির মোড় হয়ে বিরিশিরি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন করা হয়। একই সময় শিমুলতলা, কৃষ্ণের চর, কালা মার্কেট ও জারিয়া ঝাঞ্জাইল বাজার এবং ডেউটুকোন, লাল মিয়ার দোকান ও পূর্বধলা চৌরাস্তায় একই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, আদিবাসী নেতা মতিলাল হাজং, প্রেসক্লাব সম্পাদক মোহন মিয়া প্রমুখ।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে সওজ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। সে সময় পাঁচটি ছোট সেতু, ১০টি কালভার্টসহ সড়কটি মেরামতে ৮০ কোটি টাকা ব্যয় করা হয়। কিন্তু ২০১৪ সালের শেষ দিকে কার্পেটিং উঠে গিয়ে সড়কে ছোট বড় অসংখ্য গর্ত তৈরি হয়। বর্তমানে সড়কটির প্রায় পুরোটাতেই বড় গর্ত ও খানাখন্দ রয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যায় সড়কের বেশির ভাগ অংশ। প্রায় মাস খানেক ধরে এই সড়কে যান চলাচল একরকম বন্ধ রয়েছে। অতিরিক্ত বালুবোঝাই ট্রাক চলাচলের জন্য সড়কের এমন দশা হয়েছে।
নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, সড়কটি সংস্কারে প্রকল্প পাঠানো হয়েছে। তা অনুমোদন হলে কাজ করা হবে।