সংস্কারের দাবিতে যশোরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়ক সংস্কার করে ধুলা অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার যশোর শহরের মনিহার এলাকায় ওই মহাসড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।যশোর পুরোনো টায়ার ব্যবসায়ী সমিতির সহসভাপতি কাওছার আহম্মেদ বলেন, এক মাস আগে মহাসড়কের বারান্দিপাড়া সেতু থেকে মনির উদ্দীন পেট্রলপাম্প পর্যন্ত খুঁড়ে নিম্নমানের ইটের খোয়ায় ঢালাই দেওয়া হয়। ভারী যানবাহন চলাচল করায় ১২ ঘণ্টার মধ্যে ওই ঢালাইয়ে ফাটল দেখা দেয়। এরপর ওই ঢালাই তুলে ফেলা হয়। সেই থেকে সড়কটি ওই অবস্থায় আছে। ব্যস্ততম এ সড়কে অবিরত যানবাহন চলায় সারাক্ষণ ধুলা উড়তে থাকে। ফলে সড়কের পাশে ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যসামগ্রী নষ্ট হচ্ছে। শ্বাসকষ্টসহ দেখা দিচ্ছে ফুসফুসজনিত নানা রোগ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়কটি সংস্কার করে ধুলা অপসারণের দাবিতে তিন শতাধিক ব্যবসায়ী শহরের মনিহারসংলগ্ন এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, খোয়ার ঢালাই তুলে পিচের ঢালাই দিতে ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে ঠিকাদার তারেক রহমান বলেন, খোয়ার ঢালাইয়ের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে খোয়ার পরিবর্তে পাথরের ঢালাইয়ে কাজ শুরু করা হবে।