নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাংক রোড সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার বিভিন্ন যানের চালকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।গতকাল সকাল ১০টা থেকে বিভিন্ন পরিবহনের ৭০-৮০ জন চালক প্রায় এক ঘণ্টা ওই সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় চালকেরা বলেন, এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চালাতে হয়। প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। যানবাহন বিকল হয়। তাঁরা হুঁশিয়ার করে দিয়ে বলেন, শিগগির সড়কটি মেরামত করা না হলে এ পথে যান চালানো একেবারে বন্ধ করে দেবেন।শেরশাহ আমলে নির্মিত এই ঐতিহাসিক গ্র্যান্ড ট্র্যাংক রোডের মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যের বাজার পর্যন্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটে।এর আগে সড়কটি সংস্কারের দাবিতে সোনারগাঁ নাগরিক কমিটিসহ এলাকার সব শ্রেণী-পেশার মানুষ মিছিল, প্রশাসনকে স্মারকলিপি ও মানববন্ধন কর্মসূচি পালন করে। কিন্তু সড়কটি সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয়নি।স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘সড়কটি মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’