চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট
সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সেমিনার কক্ষ, কম্পিউটার ল্যাব, শৌচাগার নির্মাণ ও সংস্কারসহ সাত দফা দাবিতে শ্রেণি কার্যক্রম বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত পুরোনো আইন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি চলে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সিফাতুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সেমিনার কক্ষ, কম্পিউটার ল্যাব ও ব্যবহারিক ক্লাস করার কক্ষ নেই। সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর জন্য শৌচাগার রয়েছে মাত্র একটি। তাও সেটির অবস্থা জরাজীর্ণ। শিক্ষকদের জন্যও পর্যাপ্ত কক্ষ নেই। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এমনিতেই ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কক্ষ নেই। সেখান থেকে আবার কিছু দিন আগে ইনস্টিটিউটের দুটি কক্ষ বিএনসিসিকে বরাদ্দ দিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীরা সেমিনার কক্ষ থেকে বঞ্চিত হচ্ছে।
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক কিরণ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, বিএনসিসির জন্য শিক্ষার্থীদের সেমিনার কক্ষ ও ডিবেটিং ক্লাবের কক্ষ ছেড়ে দিতে হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ।