সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের জাঙ্গালিয়া-আশ্রাফপুর বাস টার্মিনাল সংস্কারের দাবিতে গতকাল সকালে জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা–কর্মী ও শ্রমিকেরা সড়কে এলোপাতাড়ি বাস রেখে ব্যারিকেড দেন l ছবি: প্রথম আলো
কুমিল্লা নগরের জাঙ্গালিয়া-আশ্রাফপুর বাস টার্মিনাল সংস্কারের দাবিতে গতকাল সকালে জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা–কর্মী ও শ্রমিকেরা সড়কে এলোপাতাড়ি বাস রেখে ব্যারিকেড দেন l ছবি: প্রথম আলো

কুমিল্লা নগরের জাঙ্গালিয়া-আশ্রাফপুর বাস টার্মিনাল সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার তিন ঘণ্টা সড়কের ওপর এলোপাতাড়ি বাস রেখে ব্যারিকেড দিয়ে অবরোধ করেছেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়।

খবর পেয়ে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল আওয়াল বাস টার্মিনালে আসেন। এরপর তিনি শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে টার্মিনাল ভবনে বৈঠকে বসেন। পরে তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা ব্যারিকেড তুলে নেন।

বৈঠকে শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, আজ বুধবারের মধ্যে সংস্কারকাজ শুরু না হলে বৃহস্পতিবার থেকে টানা কর্মসূচি দেওয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ইউনুস মিয়া বলেন, ২০১১ সালে জাঙ্গালিয়া-আশ্রাফপুর নতুন বাস টার্মিনালটি স্থাপন করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় টার্মিনালটি চষা জমিতে পরিণত নিয়েছে। টার্মিনালে বছরজুড়ে পানি লেগে থাকে। তার ওপর টার্মিনালের ভেতরে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে এসব বিষয়ে পরিবহন মালিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তাঁরা কোনো সাড়া দেননি। তাই বাধ্য হয়ে মহাসড়কে শুয়ে প্রতিবাদ জানান তাঁরা।

শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক বাবুল আহমেদ সুমন বলেন, এ টার্মিনালে এসে যাত্রীরা নাকাল হয়ে পড়েন। এখানে শৌচাগার নেই, নামাজের ঘর নেই, বসার জায়গা পর্যন্ত নেই। অথচ প্রতিদিন বাসপ্রতি ৪০ টাকা করে সিটি করপোরেশনকে দিতে হচ্ছে। এখান থেকে প্রতিদিন পাঁচ শতাধিক বাস দূরপাল্লার উদ্দেশে ছেড়ে যায়। কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক পর্যায়ে বাস টার্মিনালটি সংস্কারের জন্য ৪ লাখ ৮০ হাজার টাকার কাজ হবে। বর্ষার কারণে কাজ শুরু করা যাচ্ছে না। তবে বুধবার থেকে কাজ শুরু হবে। পরবর্তী সময়ে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৪ কোটি টাকার প্রকল্প নিয়ে কাজ হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তখন আর যাত্রীদের ও পরিবহন মালিক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হবে না।

এ টার্মিনাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চাঁদপুরের কচুয়া, চৌদ্দগ্রামের কাশিনগর, নাঙ্গলকোটের বাঙ্গড্ডা, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বরুড়া ও বরুড়ার ভাতেশ্বরসহ ১৪টি সড়কপথে যাত্রীবাহী বাস চলাচল করে। এখান থেকে দক্ষিণ কুমিল্লার ২৫ লাখ মানুষ যাতায়াত করে।