সংস্কারের দাবিতে সড়কে ভেলা রেখে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কারের দাবিতে গতকাল গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ওপর কলাগাছের ভেলা রেখে মানববন্ধন করেন এলাকাবাসী। দারিয়াপুর বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
সংস্কারের দাবিতে গতকাল গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ওপর কলাগাছের ভেলা রেখে মানববন্ধন করেন এলাকাবাসী। দারিয়াপুর বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের দারিয়াপুর বাজার থেকে আলাই সেতু পর্যন্ত সংস্কারের দাবিতে দারিয়াপুর বাজার এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা সড়কের ওপর কলাগাছের ভেলা রেখে প্রতিবাদ জানান।
গতকাল সোমবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই মানববন্ধন চলে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দারিয়াপুর আঞ্চলিক শাখা এর আয়োজন করে। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সদর উপজেলা শাখার সভাপতি ময়নুল কবীর মণ্ডল ও সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, দারিয়াপুর আঞ্চলিক কমিটির সভাপতি তপন কুমার বর্মণ প্রমুখ।
বক্তারা বলেন, উত্তর পাশ থেকে জেলা শহরে প্রবেশের জন্য গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরগঞ্জ উপজেলার ১৭টি ও সদর উপজেলার ৩টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ সড়কটি ধরে জেলা শহরে যাতায়াত করেন। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। এ ছাড়া সপ্তাহে দুদিন দারিয়াপুর হাট বসে। হাটটি বার্ষিক প্রায় দেড় কোটি টাকায় ইজারা হয়। কিন্তু দারিয়াপুর বাজারের কৃষি ব্যাংক থেকে আলাই সেতু পর্যন্ত আধা কিলোমিটার অংশের অবস্থা খুবই করুণ। এ অংশে সামান্য বৃষ্টি হলেই পানি জমে। কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনাও ঘটে।
এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম খান বলেন, এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে সড়কটি সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে।