সংস্কারের দাবিতে ২০টি স্থানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-ভোলাগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে সিলেট নগরের আম্বরখানা মোড়ে গতকাল ব্যানার সাঁটিয়ে আহ্বান করা হয় মানববন্ধনের। বেলা ১১টার দিকে এ আহ্বানে সাড়া দেন আশপাশ এলাকার বাসিন্দারা। নগরের এই মানববন্ধনের সঙ্গে সংহতি রেখে ৪০ কিলোমিটার দীর্ঘ ওই সড়কের ২০টি স্থানে একইভাবে মানববন্ধন করা হয়।
নগরের আম্বরখানা থেকে মানববন্ধনের সূচনাকালে সমাবেশও হয়। এতে বক্তারা এক মাসের মধ্যে সড়ক সংস্কারকাজ শুরু না করা হলে সড়ক এলাকার সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন।
সড়কের ধোপাগুল থেকে বর্ণি, তেলিখাল, লাছুখাল, কোম্পানীগঞ্জ সদর, টুকেরবাজার, তৈমুরনগর, চকবাজার, পাড়ুয়া, কালাবাড়ি, দয়ারবাজার, ভাটরাই ও ভোলাগঞ্জ গ্রাম পর্যন্ত ২০টি স্থানে মানববন্ধন ও পথসভা হয়।
সিলেটের বৃহত্তম পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সড়কের প্রায় এক-তৃতীয়াংশ সংস্কারহীন অবস্থায় রয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবি জানিয়ে এলেও সংস্কারকাজ না হওয়ায় কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নাসরিন জাহানের মাসব্যাপী ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এসব মানববন্ধন করা হয়।
আম্বরখানা মোড় থেকে মানববন্ধনের সূচনাকালে সমাবেশে নাসরিন জাহান, সিলেটের মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ আতাউর রহমান পীর, কোম্পানীগঞ্জ উপজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কলমদর আলী, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন, আম্বরখানা ব্যবসায়ী সমিতির গুলজার আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য দেন।